ক্রাইম

সাঁকরাইলে গুলির মুখে স্বর্ণ ব্যবসায়ী! সোনা-টাকা লুট করে চম্পট দুষ্কৃতীরা

হাওড়ার সাঁকরাইলে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। অভিযোগ, এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে সোনা, রুপো ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পাঁচলা জয়নগর সংলগ্ন সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁর পিঠে ও হাতে ছিল গয়না এবং নগদ টাকা ভর্তি দুটি ব্যাগ। দোকানের সামনে বৃষ্টিতে ভেজা বাইক মুছতে ব্যস্ত ছিলেন তিনি। সেই সময় আচমকাই মুখে রুমাল বাঁধা কয়েকজন যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ব্যবসায়ী বাধা দিতে গেলে দুষ্কৃতীরা পরপর গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি তাঁর বাইকে লাগে বলেও জানা গিয়েছে। এরপর সোনা, রুপো ও নগদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ব্যবসায়ী ছাড়াও আশপাশের কয়েকজন ব্যবসায়ী তাদের ধাওয়া করেন। অভিযোগ, সেই সময় আরও দুই থেকে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ৫ থেকে ৬ জনের একটি দল এই ঘটনার সঙ্গে জড়িত। তারা দ্রুত ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার দাবি, তাঁর প্রায় ২০০ গ্রাম সোনা, ৭ থেকে ৮ কেজি রুপো এবং প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা লুট হয়েছে। তিনি জানান, গত আট বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন, কিন্তু এমন ঘটনার মুখোমুখি কখনও হননি।

ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.