ভারতীয় দলে কি মহম্মদ শামিকে উপেক্ষা করা হচ্ছে? ইচ্ছাকৃতভাবেই কি জাতীয় দলের বাইরে রাখা হয়েছে বাংলার তারকা পেসারকে? ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে কি তাঁকে দেখা যাবে? শামিকে নিয়ে তৈরি হওয়া একাধিক প্রশ্নের এবার জবাব দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভের দাবি, শামিকে কোনওভাবেই ভারতীয় দলে অবহেলা করা হয়নি। বরং দেশের হয়ে দীর্ঘ সময় ধরে প্রচুর ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই পেসার।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই প্রতিযোগিতায় বল হাতে নজর কেড়েছিলেন শামি। মোট ৯টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে।
জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিত নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন শামি। কঠোর পরিশ্রম করে ছন্দ ধরে রেখেছেন তিনি। সদ্য সমাপ্ত দলীপ ট্রফিতেও ইস্ট জোনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলার এই পেসারের। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বারবার উইকেট তুলে নিয়েছেন তিনি।
সাউথ জোনের বিরুদ্ধে ফাইনালের প্রথম ইনিংসে রবিচন্দ্রন স্মরণ এবং শেখ রশিদকে সাজঘরে ফেরান শামি। শেষ পর্যন্ত ৩৩৬ রানে গুটিয়ে যায় সাউথ জোন। তার আগে প্রথম ইনিংসে ইস্ট জোন ৩৭২ রানের বড় লিড নিয়েছিল। সেই লিডই শেষ পর্যন্ত দলীপ ট্রফি জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়।
এমন পারফরম্যান্সের পরও শামি কেন ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, তাঁকে জাতীয় দলে উপেক্ষা করা হচ্ছে। যদিও সেই দাবি মানতে নারাজ সৌরভ।
‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্রিকেটজীবনের উদাহরণও তুলে ধরেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, ১০ হাজারের বেশি রান করার পরও তাঁকে একসময় জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। তবে পরবর্তীতে ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি।
শামির ক্ষেত্রে বর্তমানে কী কারণে জাতীয় দলে সুযোগ মিলছে না, তা অবশ্য নিশ্চিতভাবে বলতে পারেননি সিএবি সভাপতি। তবে ঘরোয়া ক্রিকেটে শামির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট।
সৌরভ বলেন, “ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন ভাল করছে শামি। আমিও ১০ হাজার রান করার পর এক বছর জাতীয় দলের বাইরে ছিলাম। পরে কামব্যাক হয়েছে। ও ভাল করার চেষ্টা করছে। কেন ওকে এখন দলে নেওয়া হচ্ছে না, সেটা জানি না। তবে ও ভালো খেলছে এবং পারফর্ম করছে।”
২০২৭ সালের বিশ্বকাপে শামির খেলার সম্ভাবনা নিয়েও এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করতে চাননি সৌরভ। তাঁর মতে, বিশ্বকাপ এখনও অনেক দূরে।
সৌরভের কথায়, “২০২৭ সালের বিশ্বকাপে ও খেলবে কি না, সেটা নিয়ে এখনই বলা খুব কঠিন। কারণ, বিশ্বকাপের এখনও এক বছর বাকি। ওকে উপেক্ষা করা হয়নি। ও দেশের হয়ে অনেক খেলেছে।”
এদিকে দলীপ ট্রফির ফাইনালে ঈশান কিষানের দুরন্ত পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সৌরভ। ভারতীয় টেস্ট দলে ফের ঈশানের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদী তিনি।
সৌরভ জানান, “আজ দুপুরে ঈশানের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁর পারফরম্যান্স দুর্দান্ত। প্রত্যেক তরুণ ক্রিকেটারই টেস্ট ক্রিকেট খেলতে চায়। আশা করি ও খেলবে। বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং দলীপ ট্রফির ফাইনালে ও অসাধারণ পারফর্ম করেছে।”







