মাঠের বাইরের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পৃথ্বী শ-এর। প্রতিভাবান এই ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে চলা শারীরিক নির্যাতনের মামলায় আবারও নতুন মোড়। মুম্বইয়ের একটি আদালত বারবার নির্দেশ দিয়েও যখন অভিযোগকারিণীর প্রশ্নের জবাব পাননি, তখন শেষমেশ প্রতীকী শাস্তি হিসেবে ১০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। আদালত স্পষ্ট জানিয়েছে, এবারও যদি উত্তর না দেন, তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ঘটনার সূত্রপাত দু’বছর আগে। মুম্বইয়ের এক পানশালায় পৃথ্বী শ জড়িয়ে পড়েন ঝামেলায়। এরপর নেটপ্রভাবী স্বপ্না গিল তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। যদিও প্রথমে পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকৃতি জানায়, পরে আদালতের নির্দেশে প্রাথমিক তদন্ত শুরু হয়। এর মাঝেই স্বপ্নার পক্ষ থেকে পৃথ্বীর বিরুদ্ধে আদালতে একাধিক প্রশ্ন তোলা হয়। কিন্তু ব্যাটার সেগুলির কোনও উত্তর দেননি।
আদালত একাধিকবার সুযোগ দিয়েছিল, এমনকি চূড়ান্ত সতর্কবার্তাও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ শুনানিতেও কোনও প্রতিক্রিয়া না আসায় মঙ্গলবার তাঁকে প্রতীকী জরিমানা করে সতর্ক করা হয়েছে। আদালতের মতে, বিচারপ্রক্রিয়া বারবার বিলম্বিত করা কাম্য নয়। তাই পৃথ্বীকে শেষবারের মতো জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
স্বপ্নার আইনজীবী আদালতে অভিযোগ করেন, পৃথ্বী ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দেরি করছেন। সমন পাঠানো সত্ত্বেও উত্তর না দেওয়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও আদালত এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। এখন নজর থাকবে, পৃথ্বী শ কি এই সুযোগে আদালতের প্রতি দায়বদ্ধতা পালন করবেন, নাকি বিতর্কে আরও জড়াবেন।







