দেশ

পাঁচদিনের কর্মদিবসের দাবিতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, পুজোর মুখে চরম ভোগান্তিতে গ্রাহক

সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলার দাবিতে শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ব্যাঙ্ক ধর্মঘট। এর পরেই দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ায় টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। তার প্রভাব পড়েছে এটিএম পরিষেবাতেও। অধিকাংশ এটিএম বন্ধ থাকায় যেগুলি চালু রয়েছে, সেগুলির সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। দুর্গাপুজোর আগে এমন পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকরা।

শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ব্যাঙ্কের সামনে গ্রাহকদের বিক্ষোভের ছবি ধরা পড়েছে। অন্যদিকে, পাঁচদিনের কর্মদিবসের দাবিতে আসানসোলে আন্দোলনে নামেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরাও। সব মিলিয়ে ধর্মঘটকে ঘিরে একাধিক জায়গায় তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

কিন্তু কেন এই ধর্মঘট? ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের দাবি, ২০২৪ সালে বেতন সংশোধনের সময় পাঁচদিনের কর্মদিবস চালুর বিষয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু সেই চুক্তির পর প্রায় আড়াই বছর কেটে গেলেও তা কার্যকর হয়নি। সংগঠনের অভিযোগ, প্রতিবারই আইনি জটিলতার কথা বলে বিষয়টি বাস্তবায়নে সময় চেয়েছে সরকার।

দীর্ঘ অপেক্ষার পর আর ধৈর্য ধরে রাখতে না পেরে বাধ্য হয়েই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক অফিসাররা। এআইবিওসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এরপরও সরকার দাবি পূরণে পদক্ষেপ না করলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।

সংগঠনের হুঁশিয়ারি, দাবি না মানা হলে আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর টানা তিনদিন ধর্মঘট পালন করা হবে। এরপরও কোনও সিদ্ধান্ত না এলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার কর্মসূচির কথাও জানিয়েছে তারা।

উল্লেখযোগ্য বিষয় হল, শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী-অফিসাররাই নন, বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কের অফিসারও এই সংগঠনের সদস্য। ফলে শুক্রবার সরকারি ব্যাঙ্কের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাতেও ধর্মঘটের প্রভাব পড়েছে। দুর্গাপুজোর আগে পরপর তিনদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.