খেলাধুলা

জিতল ইংল্যান্ড, মন জিতল নেপাল—ওয়াংখেড়ে কাঁপিয়ে অঘটনের দোরগোড়ায় ‘হিমালয়ের দেশ’

স্টেডিয়ামে শনিবার রাতে ভারতের বিরুদ্ধে সুযোগ পেয়েও অঘটন ঘটাতে পারেনি আমেরিকা। ঠিক সেই মাঠেই রবিবার আরও একবার ইতিহাস লেখার হাতছানি পেয়েছিল নেপাল। শেষ পর্যন্ত পারল না তারা।
ম্যাচ জিতল ইংল্যান্ড, কিন্তু হৃদয় জয় করল নেপাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিল ‘হিমালয়ের দেশ’। মাত্র ১২ বছর আগে (২০১৪ সালে) আইসিসি’র কাছ থেকে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক মর্যাদা পাওয়া নেপাল ক্রিকেট, তাদের জন্মদাতা ইংল্যান্ডকে একেবারে মাটিতে নামিয়ে আনল। তাবড় সমালোচকরাও বাধ্য হলেন সাধুবাদ জানাতে।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দীপেন্দ্র সিং আইরি, অধিনায়ক রোহিত পৌডেল ও লোকেশ বামের দুরন্ত লড়াইয়ে একসময় অস্বস্তিতে পড়ে যায় মহাশক্তিধর ইংল্যান্ড। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রানে হার মানে নেপাল। আক্ষরিক অর্থেই বুঝিয়ে দিয়ে গেল—টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও দলই ‘ছোট’ নয়।

ইংল্যান্ডের ইনিংস
দর্শকঠাসা ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ‘খতরনক’ ফিল সল্টকে (১) ফেরান শের মাল্লা। এরপর জস বাটলার ও জ্যাকব বেথেল ইনিংস গড়ার চেষ্টা করলেও নন্দন যাদবের বলে ২৬ রানে ফিরে যান ইংল্যান্ড অধিনায়ক। সন্দীপ লাছিমানে টম ব্যান্টনকে (২) ফেরানোয় ৪৩/১ থেকে দ্রুত ৫৭/৩ হয়ে যায় ইংল্যান্ডের স্কোর।

এরপর হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল পরিস্থিতি সামাল দেন। দু’জনেই করেন ৫৫ রান করে। শেষদিকে উইল জ্যাকসের ১৮ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ইংল্যান্ড ৭ উইকেটে তোলে ১৮৪ রান।
নেপালের হয়ে দীপেন্দ্র সিং ও নন্দন যাদব নেন ২টি করে উইকেট।

নেপালের সাহসী রান তাড়া
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক নেপাল। কুশল ভুর্টেলের ব্যাটে ঝড় ওঠে। যদিও আসিফ শেখ ছিলেন নিষ্প্রভ। লিয়াম ডসনের বলে ৯ বলে ৭ রান করে ফেরেন তিনি। পরে উইল জ্যাকসের বলে আউট হন ভুর্টেল (১৭ বলে ২৯)।

এরপর ম্যাচে আগুন ধরান অধিনায়ক রোহিত পৌডেল ও দীপেন্দ্র সিং আইরি। নামজাদা ইংল্যান্ড বোলারদের কার্যত অসহায় দেখায় এই জুটি। বিশেষ করে আদিল রশিদের উপর চালান নির্মম আক্রমণ—১৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা যেন হারিয়ে যায় ইংলিশ স্পিনারের।

রোহিত-দীপেন্দ্রর ৮২ রানের জুটি ভাঙেন স্যাম কুরান। ২৯ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে ফেরেন দীপেন্দ্র। পরের ওভারেই ডসনের বলে আউট হন রোহিত (৩৯)। তবু হাল ছাড়েনি নেপাল।

শেষদিকে লোকেশ বামের ২০ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংসে ফের ম্যাচে উত্তেজনা ছড়ায়। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। কিন্তু স্যাম কুরানের নিয়ন্ত্রিত ও অভিজ্ঞ স্পেলের সামনে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় নেপাল।

বার্তা স্পষ্ট
মনে করিয়ে দেওয়া যাক, এই নেপালই গত বছর টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল। তাই ভারত-পড়শি দেশটিকে হালকাভাবে নেওয়ার অর্থ নিজের পায়ে কুড়ুল মারা।
ইংল্যান্ডকে হারাতেই পারত নেপাল—অল্পের জন্য হল না। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা যে বড় বার্তা দিয়ে গেল, তা ক্রিকেটবিশ্ব দীর্ঘদিন মনে রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.