কেন্দ্র

ভারত-নেপাল-ভুটান যাতায়াতে কড়া নিয়ম কেন্দ্রের, বাধ্যতামূলক হচ্ছে বৈধ পরিচয়পত্র

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পাশাপাশি জেহাদি কার্যকলাপের আশঙ্কাও ক্রমশ বাড়ছে। সম্প্রতি উত্তরবঙ্গ থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক চিনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অ্যামেন্ডমেন্ট) অর্ডার, ২০২৬’। নয়া নির্দেশিকা অনুযায়ী, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্থলপথে কিংবা বিমানে যাতায়াতের ক্ষেত্রে তিন দেশের নাগরিকদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, ভারত থেকে নেপাল বা ভুটানে যাওয়া কিংবা ওই দুই দেশ থেকে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন আধিকারিকদের কাছে ভারতীয় ভিসা ম্যানুয়ালে উল্লেখিত বৈধ পরিচয়পত্রগুলির মধ্যে অন্তত একটি দেখাতে হবে। এর ফলে সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেক ব্যক্তির পরিচয় যাচাই করা সহজ হবে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, নেপাল ও ভুটান ভ্রমণের ক্ষেত্রে আধার কার্ড এককভাবে বৈধ পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে না।

অন্যদিকে, নেপাল বা ভুটান হয়ে কোনও তৃতীয় দেশে যাওয়া কিংবা সেখান থেকে ভারতে ফেরার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। এই যাতায়াতের জন্য নির্ধারিত ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করতে হবে। বিশেষ বিধান অনুযায়ী, চিন, হংকং, ম্যাকাও অথবা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশকারী নেপালি ও ভুটানি নাগরিকদের পাসপোর্টের পাশাপাশি ভিসাও থাকতে হবে।

তবে নতুন নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে কয়েকটি বিশেষ শ্রেণিকে। সরকারি দায়িত্বে থাকা ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। একইভাবে, ২০১৫ সালের ৯ জানুয়ারির আগে ভারতে আশ্রয় নেওয়া নির্দিষ্ট কিছু নথিভুক্ত শ্রীলঙ্কান তামিল নাগরিক এবং সামরিক জাহাজ মেরামতির কাজে ভারতে আসা বিদেশি নাবিকদেরও ছাড় দেওয়া হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত নির্দিষ্ট তিব্বতি নাগরিকরাও এই ছাড়ের আওতায় থাকবেন। পাশাপাশি ধর্মীয় নিপীড়নের কারণে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.