UPI লেনদেনে Merchant Discount Rate (MDR) চালুর সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সিদ্ধান্তের বিরোধিতা করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, বিজেপি পাল্টা প্রশ্ন তুলেছে সংসদীয় অর্থ বিষয়ক স্থায়ী কমিটির একটি রিপোর্ট নিয়ে।
কেন্দ্রের নতুন কাঠামো অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক UPI লেনদেনে MDR কার্যকর হওয়ার কথা। সাধারণ গ্রাহকের কাছ থেকে সরাসরি এই চার্জ নেওয়ার অনুমতি থাকবে না।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাহুল গান্ধী এক ভিডিয়ো বার্তায় একে ‘UPI ট্যাক্স’ বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের উপর পরোক্ষ চাপ তৈরি হতে পারে। তিনি কেন্দ্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান।
এর পরেই বিজেপি ও সরকারি সূত্রের তরফে সংসদীয় অর্থ বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্ট সামনে আনা হয়েছে। তাদের দাবি, ১২ অগস্ট কমিটির রিপোর্টে UPI ব্যবস্থার জন্য একটি ধাপে ধাপে MDR বা বিকল্প রাজস্ব কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। ওই বৈঠকে কংগ্রেসের পি চিদাম্বরম, মণীশ তিওয়ারি, গৌরব গগৈ, কিশোরী লাল এবং কে গোপীনাথ উপস্থিত ছিলেন এবং প্রকাশিত কার্যবিবরণীতে কোনও বিরোধী মত নথিভুক্ত হয়নি বলে সরকারি সূত্রের দাবি।
এই তথ্য সামনে এনে বিজেপি প্রশ্ন তুলেছে, সংসদীয় কমিটির রিপোর্টে রাজস্ব কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলা হলেও এখন রাহুল গান্ধী কেন নতুন MDR ব্যবস্থার বিরোধিতা করছেন।
তবে বিষয়টি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়েছে। গৌরব গগৈ জানিয়েছেন, সংসদীয় কমিটিতে বর্তমান সরকারের ঘোষিত নির্দিষ্ট ‘UPI ট্যাক্স’ প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি। তাঁর দাবি, MDR-এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠলেও সেই সময় সরকারের প্রতিনিধিরা কোনও নির্দিষ্ট বা সন্তোষজনক প্রস্তাব দেননি।
ফলে UPI-র নতুন MDR ব্যবস্থা নিয়ে বিতর্ক এখন শুধু চার্জের প্রভাবেই সীমাবদ্ধ নেই। সংসদীয় কমিটির পুরনো সুপারিশ এবং বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু হয়েছে পাল্টাপাল্টি দাবি।







