অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের মন্তব্য অনভিপ্রেত, এবং যার দরুন তাঁর আবেদনে কোনও সাড়াও দিল না কলকাতা হাইকোর্ট। কোনওরকম রক্ষাকবচ দেওয়া হয়নি তাঁকে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, সব পক্ষকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে। আগামী ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
আরজিকরকাণ্ডের মামলা প্রসঙ্গে এক ভরা আলোচনাসভায় পঙ্কজ বলেছিলেন, ‘জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত, আমরা বলতাম এটা হতেই পারে। কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না।’
উক্ত মন্তব্যের জেরে বটতলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন প্রাক্তন আইপিএস অফিসার। কিন্তু সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার হাইকোর্টে প্রবল ভর্ৎসনার মুখে পড়েন পঙ্কজ দত্ত।







