বলিউডে শাহিদ কাপুর মানেই অভিনয়ের ভিন্নতর দুনিয়া। আর যখন তাঁর পরিচালনায় থাকেন বিশাল ভরদ্বাজ, তখন দর্শকরা আগেভাগেই ধরে নেন স্ক্রিনে কিছু অনন্য দেখার অপেক্ষা আছে। রবিবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শাহিদ জানালেন, শেষ হয়েছে তাঁদের চতুর্থ সহযোগিতার শুটিং। অভিনেতা লিখেছেন,”আবারও এক নতুন অভিজ্ঞতা, একেবারে আলাদা চরিত্রে আমাকে দেখা যাবে। বিশাল স্যারের সঙ্গে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জিং, আর এটাই আমাদের চতুর্থ প্রজেক্ট।”
এর আগে তাঁদের তিনটি ছবি ‘কামিনে'(২০০৯), ‘হায়দার'(২০১৪) ও ‘রংগুন'(২০১৭) সমালোচক ও দর্শক মহলে সমান সাড়া ফেলেছিল। বিশেষত হায়দার শাহিদকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। শাহিদের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে। তিনি ইঙ্গিত দিয়েছেন, এবারও এক রহস্যময় চরিত্রে হাজির হতে চলেছেন। যদিও ছবির নাম প্রকাশ করা হয়নি, তবে স্পষ্ট যে গল্পের কেন্দ্রে তিনিই থাকবেন। ছবিতে শাহিদের পাশাপাশি থাকছেন আরও শক্তিশালী তারকা দল। বুলবুল খ্যাত তৃপ্তি দিমরি, প্রবীণ অভিনেতা নানা পাটেকর, অভিজ্ঞ ফরিদা জালাল, প্রতিভাবান অভিনব তিওয়ারি এবং জনপ্রিয় দিশা পাটানি সবাইকে একত্রে পাওয়া দর্শকদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিশাল ভরদ্বাজ বরাবরই সাহিত্যের রূপান্তর আর ভিন্নধর্মী গল্পকথন দিয়ে নিজেকে আলাদা করেছেন। ‘হায়দার’ ছিল শেক্সপিয়রের ‘হ্যামলেট’-এর ভারতীয় রূপ, কামিনে ছিল অসাধারণ ক্রাইম-ড্রামা। তাই এবারও তাঁর গল্প কোন নতুন মাত্রা নেবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ‘জব উই মেট’ থেকে ‘কবীর সিং’ প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন শাহিদ কাপুর। আর ভরদ্বাজের হাতে তিনি সবসময়ই পেয়েছেন অভিনয়ের অন্য উচ্চতা। ফলে এই চতুর্থবারের জুটি নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের কাছে এক অমূল্য উপহার হয়ে উঠবে এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার, কবে জানা যাবে ছবির নাম ও মুক্তির দিন। তবে নিশ্চিত, শাহিদ-ভরদ্বাজ ফের পর্দায় ঝড় তুলতে চলেছেন।







