বিনোদন

মনোজ বাজপেয়ীর নতুন চমক, রাম গোপাল বর্মার সঙ্গে হরর-কমেডি ‘পুলিশ স্টেশন মে ভূত’

বলিউডে বরাবরই নানা ঘরানার চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন মনোজ বাজপেয়ী। এবার তিনি হাজির হতে চলেছেন হরর কমেডিতে, যেখানে তাঁকে আগে কখনও দেখা যায়নি। ছবির নামও একেবারে ব্যতিক্রমী ‘পুলিশ স্টেশন মে ভূত’। সোমবার, ১লা সেপ্টেম্বর ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। ঘোষণা সঙ্গেই মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার, যা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দর্শক ও সমালোচকমহলে তুমুল আলোড়ন ফেলেছে।

মোশন পোস্টারে দেখা যাচ্ছে মনোজ বাজপেয়ীকে পুলিশ অফিসারের কঠোর রূপে। তাঁর হাতে রয়েছে এক অস্বাভাবিক পুতুল। ভাঙাচোরা, কাদামাটি ও রক্তে মাখামাখি, আর তার চোখ দুটো যেন ক্যামেরার বাইরেও দর্শকের গায়ে কাঁটা দেয়। বাস্তবের পুলিশ স্টেশনের দৃঢ় পরিবেশ আর ভৌতিক আবহ একসঙ্গে মিশে তৈরি হয়েছে নতুন ককটেল, যা একইসঙ্গে ভয় এবং হাসির স্বাদ দিতে চলেছে। মনোজ বাজপেয়ী নিজে এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার করেছেন পোস্টার। তিনি লিখেছেন,”‘পুলিশ স্টেশন মে ভূত’-এর শুটিং শুরু। ‘সত্যা’ থেকে আজ পর্যন্ত কোনো কোনো যাত্রা পূর্ণতা পেতেই হয়। তিন দশক পর ফের একসঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত।” এই বার্তায় স্পষ্ট, তাঁর কাছে ছবিটি শুধু ঘরানা-পরীক্ষা নয়, বরং আবেগঘন পুনর্মিলনও।

কারণও রয়েছে। ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার কাল্ট-ফিল্ম ‘সত্যা’-য় ভিকু মাতরে চরিত্রে বাজপেয়ীর বিস্ফোরক অভিনয় তাঁকে রাতারাতি বলিউডে স্থায়ী আসন এনে দেয়। সেই ছবিই তাঁকে দেয় কাল্ট-স্ট্যাটাস। প্রায় তিরিশ বছর পর আবার সেই পরিচালক-অভিনেতার জুটি ফিরছে, তবে একেবারে নতুনরূপে। এ ছবির অন্যতম আকর্ষণ অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। দীর্ঘ বিরতির পর বড়োপর্দায় ফিরছেন তিনি। যদিও তাঁকে সম্প্রতি দেখা গিয়েছিল ‘সিতারে জমিন পর’-এ, তবে বাজপেয়ীর পাশে হরর-কমেডিতে তাঁকে দেখতে পাবেন দর্শক। এই খবরেই বলিউডপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বসিত।

শিল্পমহলের মতে, বলিউডে হরর-কমেডি ঘরানার চেষ্টাই খুব কম হয়। সেই প্রেক্ষাপটে মনোজ বাজপেয়ী ও রাম গোপাল বর্মার এই সহযোগিতা এক সাহসী ও অভিনব উদ্যোগ। পোস্টারের শীতল দৃষ্টি, পুতুলের ভয়ংকর আভা আর নামের ব্যঙ্গাত্মক মজা মিলিয়ে ‘পুলিশ স্টেশন মে ভূত’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখন বলিউড দর্শকের একটাই প্রশ্ন, ভিকু মাতরে-র পর এবার ভূতের হাসি-ভয়ের খেলায় মনোজ বাজপেয়ী কতটা নতুন জাদু ছড়াতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.