ক্রাইম

‘স্পেশাল ২৬’-এর কায়দায় হানা! এসএসসি অফিসে তথ্য হাতাতে গিয়ে ধৃত ভুয়ো সিবিআই ডিএসপি-সহ ৩

সিবিআইয়ের পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে গোপন তথ্য হাতানোর ছক বানচাল করল কলকাতা পুলিশ। সোমবার নিজাম প্যালেসে স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসে গিয়ে তথ্য চাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ল ভুয়ো সিবিআই ডিএসপি ও তার দুই সহযোগী। ধৃতদের কাছ থেকে জাল পরিচয়পত্র, ভুয়ো নিয়োগপত্র এবং ডিএসপির বোর্ড লাগানো একটি গাড়ি উদ্ধার করেছে ভবানীপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে অবস্থিত এসএসসি দপ্তরে হাজির হয় বিপ্রর্ষি ও শুভম সাগর তাঁতি নামে দুই যুবক। বিপ্রর্ষি নিজেকে সিবিআইয়ের ডিএসপি এবং শুভম নিজেকে কলকাতার সিবিআই সাব-ইনস্পেক্টর হিসেবে পরিচয় দেয়। কয়েকটি নিয়োগপত্র দেখিয়ে তারা দাবি করে, সদ্য কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া ওই প্রার্থীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে এবং সেই সংক্রান্ত কিছু গোপন নথি তাদের প্রয়োজন।
তবে এসএসসি-র আধিকারিকরা জানিয়ে দেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে কাউকে গোপন তথ্য দেওয়া সম্ভব নয়। আগন্তুকদের কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ হওয়ায় দপ্তরের তরফে তড়িঘড়ি ভবানীপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে জেরার মুখে ভেঙে পড়ে তারা আসল সত্য স্বীকার করে নেয়। বিপ্রর্ষির কাছ থেকে উদ্ধার হওয়া ভুয়ো নিয়োগপত্রের সূত্র ধরে তাদের গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিবিআই অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং বেকার যুবকদের ভুয়ো নিয়োগপত্র দিয়ে মোটা অঙ্কের টাকা হাতাতো। যাদের ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তারা আসল চাকরির জন্য আবেদন করেছে কি না, তা যাচাই করতেই এদিন এসএসসি অফিসে এসেছিল প্রতারকরা। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং কতজনের কাছ থেকে তারা টাকা হাতিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.