রাজনীতিরাজ্য

করুরে পদপিষ্টে মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা করলেন বিজয়

তামিলনাড়ুর করুরে পদপিষ্ট হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু ও ৫৬ জনের বেশি আহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ রাজ্য ও দেশ। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা তথা রাজনীতিক বিজয়। রবিবার সকালে তিনি ঘোষণা করেন, নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিজয়ের বক্তব্য
পদপিষ্টে মৃত্যুর ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করে বিজয় সামাজিক মাধ্যম ‘এক্স’-এ লেখেন,

“আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের মুখ আমার মনে ভেসে উঠছে। যতই সেই প্রিয়জনদের কথা ভাবছি, ততই কষ্ট হচ্ছে। আমার হৃদয় ও মন গভীর বেদনায় আচ্ছন্ন। প্রিয়জনদের হারানোর এই অপার শোকে আমার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”

রাজনৈতিক প্রতিক্রিয়া
দুর্ঘটনার পরেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তবে ঘটনার পর বিজয় ও তাঁর দল টিভিকেকে একহাত নিয়েছে ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার। অভিযোগ, নির্দেশিকা লঙ্ঘন করে সমাবেশের আয়োজন করেছিলেন বিজয়।

পুলিশের দাবি
পুলিশ সূত্রে খবর, বিজয় নির্ধারিত সময়ের বেশ দেরিতে সমাবেশে পৌঁছান। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টেয়, কিন্তু বিজয় আসেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এর ফলে জনতার ভিড় অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। পাশাপাশি পুলিশের দাবি, আয়োজকরা ১০ হাজার মানুষের ভিড় অনুমান করলেও মাঠে হাজির হয় তার তিনগুণেরও বেশি মানুষ। তাতেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ভয়াবহ ঘটনা।
এই ঘটনায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

নিরাপত্তা জোরদার
ঘটনার পর বিজয়ের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাসভবনেও নিরাপত্তা বৃদ্ধি করেছে প্রশাসন। পাশাপাশি টিভিকে-র বিভিন্ন জেলা সচিবের নিরাপত্তার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের আশঙ্কাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.