রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সেতু বন্ধ থাকাকালীন কোন কোন বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে, তাও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড দিয়ে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফভিউ থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে। প্রয়োজনে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডও ব্যবহার করা যাবে।
অন্যদিকে, কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে। সিজিআর রোড দিয়ে খিদিরপুর থেকে আসা গাড়িগুলি হেস্টিংস মোড়ে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজে যেতে পারবে। পাশাপাশি, কেপি রোড থেকে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র্যাম্প হয়ে হাওড়া ব্রিজে যেতে হলে রেড রোড ধরতে হবে।
উল্লেখ্য, হাওড়া, সাঁতরাগাছি-সহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বিদ্যাসাগর সেতু। প্রশাসনিক ভবন নবান্নে যাতায়াতের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক হাজার ছোট-বড় যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত করে।
প্রায় ৮২৩ মিটার দীর্ঘ বিদ্যাসাগর সেতু ভারতের দীর্ঘতম কেবল-স্টেড সেতু। সেতুটি নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। ফলে নির্মাণের সময় ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্টের মতো গুরুত্বপূর্ণ অংশগুলির বয়সও ২৫ বছর ছাড়িয়েছে। স্বাভাবিকভাবেই সেগুলির রক্ষণাবেক্ষণ ও পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। সেতু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে যান চলাচলের ফলে সেতুর বিভিন্ন অংশে সংস্কারের প্রয়োজন দেখা দেয়। সময়মতো মেরামতি না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এই পরিস্থিতিতে সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছিল এইচআরবিসি। বিদ্যাসাগর সেতুতে থাকা মোট ১৫০টি স্টে কেবলের মধ্যে প্রথম পর্যায়ে সেগুলি পরিবর্তনের উপরেই জোর দেওয়া হচ্ছে। সেই পরিকল্পনা মেনেই গত কয়েক সপ্তাহ ধরে চলছে সংস্কারের কাজ।
তবে প্রায় প্রতি রবিবার সেতু বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বারবার যান চলাচল বন্ধ রাখার কারণে যাতায়াতে বাড়ছে দুর্ভোগ। পাশাপাশি, রাতের দিকে এই কাজ করা সম্ভব নয় কেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।







