পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার প্রচার সারলেন বর্ধমান পূর্বের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অসীম সরকার। মঙ্গলবার রায়না বিধানসভার শ্যামসুন্দরের চাতরের মোড় থেকে থানা মোড় পর্যন্ত বিজেপির পক্ষ থেকে মিছিল করা হয়। লোকসভা নির্বাচন এখন দুয়ারে, আর তার জেরে তেতে উঠেছে রাজনীতির ময়দান। শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে রীতিমতো বিভিন্ন অভিযোগ তুলে ভোটের ময়দানে ঝাঁঝ বাড়িয়ে তুলছেন। মঙ্গলবার হরিণঘাটার বিধায়ক তথা বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার রায়নায় নির্বাচনী প্রচারে পৌঁছে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করেন। তিনি বলেন, রায়না এলাকার মানুষের থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ যখন ভোট দেবে তারপর তৃণমূলের চোরেদের আর লুকোনোর জায়গা থাকবে না, এমনই দাবি বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের। যদিও তৃণমূলের দাবি রায়না অঞ্চলে বিপুল ভোটে লিড দেবে এবং এগিয়ে থাকবে রাজ্যের তৃণমূল সরকার।
সেই নিয়ে কটাক্ষ করে এদিন বিজেপি প্রার্থী অসীম সরকার বলেন, “চুরিতে এগিয়ে থাকবে নারী ধর্ষণে এগিয়ে থাকবে কিন্তু ভোটে এগিয়ে থাকতে পারবেনা।”নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল অসীম সরকার, রায়না তিন নম্বর মণ্ডলের সকল কর্মী সমর্থক, রায়না বিধানসভার বিজেপির সকল কার্যকর্তাগণ।







