খেলাধুলা

শ্রীলঙ্কা সফরের আগে আরও ধাক্কা, চোটে ছিটকে গেলেন সাই সুদর্শন

শ্রীলঙ্কা সফরের আগে চোটের ধাক্কা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না ভারতীয় দল। জশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানার পর এবার চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে সফরে গিয়ে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন চলছিল।

শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগেই চোটের তালিকায় ছিলেন বুমরাহ এবং সুদর্শন। দল ঘোষণার সময়ই জানানো হয়েছিল, তাঁদের খেলতে পারা নির্ভর করবে সেন্টার অফ এক্সেলেন্সের ফিটনেস সার্টিফিকেটের উপর। গত ৪ আগস্ট ভারতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিলেও সুদর্শন ফিট সার্টিফিকেট না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি। শনিবার তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এদিনও ফিটনেস সার্টিফিকেট পেলেন না তরুণ ব্যাটার।

সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে সুদর্শনের খেলার সম্ভাবনা নেই। তাঁর পরিবর্ত হিসেবে দ্রুতই নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই। সম্ভাব্য বিকল্প হিসেবে সরফরাজ খান এবং শেখ রশিদের নাম নিয়ে আলোচনা চলছে। ঘরোয়া ক্রিকেটে দু’জনেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। অন্যদিকে, প্রথম একাদশে সুদর্শনের জায়গায় দেবদত্ত পাড়িক্কলের খেলা কার্যত নিশ্চিত। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও শতরান করেছেন তিনি।

সুদর্শনের চোট নিয়ে শুরু থেকেই পরিস্থিতি কিছুটা জটিল ছিল। অনেকটা একই রকম ঘটনা ঘটেছিল জশপ্রীত বুমরাহর ক্ষেত্রেও। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিট ঘোষিত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েন ভারতীয় দলের তারকা পেসার। এর আগে হর্ষিত রানাকেও ফিট ঘোষণা করেছিল সিওই। কিন্তু দু’টি ম্যাচ খেলার পরই ফের চোটে পড়েন তিনি। ফলে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই কারণেই সুদর্শনের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ডের মেডিক্যাল টিম।

এদিকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দেখা গেল না নিয়মিত অধিনায়ক শুভমান গিলকেও। বৃহস্পতিবার অনুশীলনে ব্যাট করার সময় একটি বল তাঁর বুড়ো আঙুলে গিয়ে লাগে। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ফের ব্যাট হাতে নেটে অনুশীলন করেন ভারত অধিনায়ক। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানো হয়নি। আপাতত অবশ্য প্রথম টেস্টে গিলের খেলা নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.