অযোধ্যায় রামমন্দির সংলগ্ন এলাকায় আমিষ খাবার এবং মদ্যপানের ওপর কড়াকড়ি আরও বাড়াল উত্তরপ্রদেশ সরকার। মন্দিরকে কেন্দ্র করে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এখন থেকে আর কোনো অনলাইন সংস্থা আমিষ খাবার পৌঁছে দিতে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র এই চত্বরের মর্যাদা রক্ষা করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসল ঘটনা হলো, বছরখানেক আগেই অযোধ্যা পুরসভা একটি নিয়ম চালু করেছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, অযোধ্যা ও ফৈজাবাদকে যুক্ত করা ১৪ কিলোমিটার দীর্ঘ ‘রামপথ’-এর আশেপাশে কোথাও মদ বা মাংস বিক্রি করা যাবে না। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, খাতায়-কলমে নির্দেশ থাকলেও বাস্তবে তার প্রয়োগ ছিল না বললেই চলে। অনেক জায়গাতেই অবাধে আমিষ খাবার পাওয়া যাচ্ছিল। বিশেষ করে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলোর মাধ্যমে মন্দিরের খুব কাছের এলাকাগুলোতেও মাংসের খাবার পৌঁছে দেওয়া হচ্ছিল।
প্রশাসনের কর্তারা জানিয়েছেন, পবিত্র ‘পাঁচকোশী পরিক্রমা’ এলাকার মধ্যেও এই ধরনের খাবার সরবরাহ করা হচ্ছিল বলে তাঁদের কাছে খবর এসেছে। শুধু অনলাইন ডেলিভারি নয়, অভিযোগ উঠেছে বেশ কিছু হোটেল এবং হোমস্টের বিরুদ্ধেও। সেখানে পর্যটকদের জন্য আমিষ খাবারের পাশাপাশি মদ্যপানের ব্যবস্থাও রাখা হচ্ছিল। এই খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে যোগী আদিত্যনাথের প্রশাসন।
অ্যাসিস্ট্যান্ট ফুড কমিশনার মানিকচন্দ্র সিংহ জানিয়েছেন, রামমন্দিরের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে সমস্ত অনলাইন ডেলিভারি সংস্থা, স্থানীয় রেস্তোরাঁ ও হোটেলগুলোকে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। ইতিমধ্যেই ফৈজাবাদ ও রামপথ সংলগ্ন এলাকার অনেক মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রাস্তার ধারের মদের দোকানগুলো সরাতে এখন জেলা প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষা করা হচ্ছে। গোটা এলাকায় এই নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার জন্য বিশেষ নজরদারি টিমও গঠন করেছে অযোধ্যা প্রশাসন।







