কলকাতার ব্যস্ত উত্তরাংশে রাতের অন্ধকারে দুঃসাহসিক ছিনতাই। আর তার পরেই পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত। শোভাবাজার কাণ্ডে শহরজুড়ে চাঞ্চল্য।
কী ঘটেছিল?
ঘটনা তিন দিন আগের। রাত প্রায় ১০টা। শোভাবাজার ক্রসিংয়ের কাছে রামজি তেওয়ারি নামে এক ব্যক্তি বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি চারচাকা গাড়িতে ওঠেন।
কিছুদূর যাওয়ার পর হঠাৎই চালক রাস্তা বদলে ঢুকে পড়ে একটি নির্জন লেনে। আচমকাই ব্রেক কষে গাড়ি থামায়। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে রামজির গলার সোনার চেন ছিনিয়ে নেয় অভিযুক্ত। তারপর গাড়িসহ চম্পট।
তদন্তে নামল অ্যান্টি-স্ন্যাচিং স্কোয়াড
ঘটনার পর অভিযোগ দায়ের হয় উল্টোডাঙ্গা থানা-য়। তদন্তভার নেয় পুলিশের অ্যান্টি-স্ন্যাচিং স্কোয়াড।
এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন গাড়িটি চিহ্নিত করা হয়। এরপর নম্বর ট্র্যাক করে ডাটাবেস যাচাই করতে গিয়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—গাড়িটি ইতিমধ্যেই চারবার মালিকানা বদল করেছে।
মালিকানা বদলের সূত্রেই ফাঁস
মালিকানার নথি খতিয়ে দেখা, ধারাবাহিক নজরদারি এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে বর্তমান মালিককে শনাক্ত করে পুলিশ। সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
অভিযুক্তের নাম রাজা শর্মা। বাড়ি মানিকতলা এলাকায়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে সে। উদ্ধার হয় ছিনতাই হওয়া সোনার চেন।
৬ ঘণ্টায় পুরো অপারেশন
গাড়ি শনাক্তকরণ থেকে শুরু করে অভিযুক্ত গ্রেফতার এবং চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার—সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র ছয় ঘণ্টায়। পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি এলাকায়।
তদন্ত চলছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।







