ছবির প্রথম ঝলক প্রকাশের মঞ্চ যেন মুহূর্তেই আবেগে ভেসে গেল। আসন্ন ঐতিহাসিক ছবি ‘রাজাশিবাজি’ সিনেমার টিজার লঞ্চে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সৌজা। ব্যক্তিগত ও পেশাগত দুই স্তরেই এই ছবির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে তাঁদের পরিবার।
ছবিতে ছত্রপতি শিবাজীর ভূমিকায় অভিনয় করছেন রিতেশ নিজেই, যা তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, শিবাজীর স্ত্রী সাইবাঈ-এর চরিত্রে দেখা যাবে জেনেলিয়াকে। তবে এই ছবির সবচেয়ে বড় চমক এসেছে তাঁদের ছোট ছেলে রাহিল দেশমুখের হাত ধরে। ২০১৬ সালে জন্মানো রাহিল এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় পা রাখছে। শিবাজীর শৈশবের চরিত্রে তার উপস্থিতি ইতিমধ্যেই টিজারে নজর কেড়েছে। প্রথম ঝলক মুক্তির অনুষ্ঠানে রিতেশ জানান, এই প্রজেক্ট তাঁর কাছে শুধু একটি সিনেমা নয়, বরং এক স্বপ্নপূরণ।
সেই আবেগই প্রকাশ পায় তাঁর চোখের জলে। পাশে দাঁড়িয়ে জেনেলিয়াও নিজেকে সামলাতে পারেননি। পরিবারের সবাইকে একসঙ্গে বড় পর্দায় দেখার অনুভূতিই যেন তাঁদের আবেগপ্রবণ করে তোলে। ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন জেনেলিয়া নিজে, সঙ্গে রয়েছেন জ্যোতি দেশপান্ডে। যার ফলে এই প্রজেক্টটি তাঁদের কাছে আরও ব্যক্তিগত হয়ে উঠেছে। ঐতিহাসিক কাহিনি, পারিবারিক আবেগ এবং নতুন প্রজন্মের পদার্পণ। সব মিলিয়ে ‘রাজা শিবাজি’ এখন থেকেই আলোচনার কেন্দ্রে। দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে, বিশেষ করে রাহিলের অভিনয় কেমন হয়, তা দেখার জন্য।







