বীরভূম তৃণমূলের অন্দরে আবারও দ্বন্দ্বের গন্ধ! জেলা কোর কমিটির বৈঠক ঘিরে নতুন করে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী ২৫ জুন বোলপুরে ডাকা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই একটাই বৈঠকের ডাক এসেছে দু’টি আলাদা সূত্রে—একদিকে কোর কমিটির চেয়ারপার্সন তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অনুব্রত মণ্ডল।
তৃণমূলের মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আশিসবাবু বৈঠকের বার্তা পাঠান, তার খানিক বাদেই অনুব্রত ঘনিষ্ঠদের আরেকটি গ্রুপে ঢোকে একই তারিখে, একই জায়গায় একটি বৈঠকের আহ্বান—তলায় লেখা, “ধন্যবাদান্তে অনুব্রত মণ্ডল।” তাতেই জল্পনা চরমে: কোর কমিটির চেয়ারপার্সনকে এড়িয়ে কি ফের ‘ক্ষমতার রাশ’ টানতে চাইছেন কেষ্ট?
যেখানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই জেলা কমিটির বৈঠক ডাকার দায়িত্ব দিয়েছেন, সেখানে অনুব্রতের এই পদক্ষেপ দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলছে। বিশেষ করে যখন ক’দিন আগেই পুলিশ কর্তাকে কটূক্তি করার ঘটনায় ভবানীপুরে ডাকা হয় কেষ্ট ও কাজল শেখকে, এবং কড়া বার্তা দেন ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সি।
এমনকি, অনুব্রতকে “শেষ সুযোগ” বলে সতর্কও করা হয় দলীয় স্তর থেকে। তার পরদিনই ফের নিজের নামাঙ্কিত বার্তা ছড়িয়ে দিয়ে বৈঠকের ডাক দেওয়া—তৃণমূলের অন্দরে অনেককেই ভাবিয়ে তুলেছে। তাহলে কি এখনও ভুল ভাঙেনি কেষ্টর? না কি কাজলের সঙ্গে সমঝোতার পরেও পুরনো পথেই হাঁটছেন তিনি?
সবমিলিয়ে, ২৫ জুনের বৈঠক শুধু সাংগঠনিক আলোচনা নয়, তার থেকেও বড় বার্তা বয়ে আনতে পারে বীরভূম রাজনীতিতে।







