আর নতুন সরকার গঠনের অপেক্ষা নয় , যুবসাথী প্রকল্পের সুবিধা মিলবে এপ্রিল মাস থেকেই । মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানান । মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা নয় , ১৫ আগষ্ট নয়, ১ এপ্রিল থেকেই বেকার যুবক-যুবতীদের যুব সাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি এদিন তিনি জানান আবেদনপত্র গ্রহণের জন্য , সমস্ত বিষয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে ।
প্রসঙ্গত ৫ ফেব্রুয়ারি , বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশনে যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মাধ্যমিক পাশ করা ২১ বছর থেকে ৪০ বছর বয়সী যেসব বেকার যুবক-যুবতীরা রয়েছেন , তাদের পাঁচ বছরের জন্য মাসে দেড় হাজার টাকা করে যুবসাথী প্রকল্পে দেওয়া হবে। বাজেট পেশের দিন বলা হয়েছিল আগামী ১৫ আগষ্ট থেকে , যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবে ।
কিন্তু এবার নবান্নে সাংবাদিক বৈঠক করে , মুখ্যমন্ত্রী জানালেন , ১ এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষের শুরুর দিন থেকেই , যুবসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে । কোনো বেকার ৫ বছরের জন্য এই সুবিধা পাবেন , তারপর আবার খতিয়ে দেখা হবে সব কিছু।
কিন্তু কিভাবে আবেদন করবেন যুবসাথী প্রকল্পে ? এই নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন , “২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে। অর্থাৎ রাজ্যজুড়ে ২৯৪টি ক্যাম্প হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন। আমরা কাগজে এই নিয়ে বিজ্ঞাপন দেব।” ক্যাম্প শুরু হবে ফেব্রুয়ারি থেকেই । যদি কেউ আবেদন করেন , তাহলে তার আবেদন খতিয়ে দেখে ১ এপ্রিল থেকেই টাকা দেওয়া হবে ।







