আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন স্থলভাগে প্রবেশের দ্বারপ্রান্তে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ঘণ্টায় প্রায় ১১০ কিমি বেগে আঘাত হানতে পারে। উত্তাল থাকবে সমুদ্র, তাই আগামী তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
বাংলায় ‘মন্থা’-র পরোক্ষ প্রভাব
ঘূর্ণিঝড়ের মূল প্রভাব অন্ধ্র উপকূলে হলেও, বাংলায় এর পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। মঙ্গলবার থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে।
বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলায়— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি — ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি অঞ্চলে দৃশ্যমানতা কমে যেতে পারে, এমন সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
‘মন্থা’র সঙ্গে আসছে পশ্চিমী ঝঞ্ঝা
শুধু ঘূর্ণিঝড় নয়, এবার তার সঙ্গী হিসেবে হাজির হচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চল দিয়ে প্রবেশ করছে। এই জোড়া প্রভাবের ফলে দক্ষিণবঙ্গেও মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলতে পারে।
সতর্কতা ও পরামর্শ
অপ্রয়োজনে বাইরে বেরোবেন না, বিশেষ করে পাহাড়ি বা নদী তীরবর্তী এলাকায়।
মৎস্যজীবীরা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সমুদ্রে যাবেন না।
বিদ্যুৎ সংযোগ ও গাছপালা সংক্রান্ত ঝুঁকি থেকে সাবধান থাকুন।







