বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুনের অভিযোগে বউমাকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। বিচারক মনদ্বীপ দাশগুপ্ত অভিযুক্ত মর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতে থাকার আদেশও দেন তিনি।
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর রাতে, মালদার কালিয়াচক থানার বাখরপুর এলাকায়। মৃতা গোলেনূর বিবিকে বাটখারা দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। পরদিনই ছেলে থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে বউমা মর্জিনা খাতুনকে।
মামলার সরকারি আইনজীবী অমলকুমার দাস জানান, ১৪ জন সাক্ষীর বয়ান এবং প্রমাণের ভিত্তিতে আদালত দোষী সাব্যস্ত করেছে অভিযুক্তকে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে বিচার পেলেন নিহত গোলেনূর বিবির পরিবার।







