কলকাতা

২১ জুলাইয়ের আগে ধর্মতলায় ১৬৩ ধারা নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুরু নতুন আইনি লড়াই

একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় ৬০ দিনের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করার কলকাতা পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন পেশ করা হলে আদালত মামলাটি গ্রহণের অনুমতি দেয়। আগামী ১৫ জুলাই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূলের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী ও দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা পুলিশের জারি করা এই নির্দেশ সম্পূর্ণ অযৌক্তিক ও স্বেচ্ছাচারী। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নাগরিকদের সাংবিধানিক অধিকারকে খর্ব করছে।

গত মাসের শেষদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা একটি নির্দেশিকা জারি করে ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা কার্যকর করেন। নির্দেশ অনুযায়ী, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেড কোয়ার্টার্স ট্রাফিক গার্ডের অধীন কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে।

পুলিশের বক্তব্য, শহরের এই গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ব্যস্ত এলাকায় হঠাৎ কোনও বেআইনি জমায়েত বা বিক্ষোভ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে লাঠি, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও বিপজ্জনক অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে কোনও রাজনৈতিক দল বা সংগঠন সভা, মিছিল, ধর্না কিংবা সমাবেশও করতে পারবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এই নির্দেশকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। কারণ, আগামী ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। ঠিক সেই সময়ের আগে পুলিশের এই নির্দেশ এবং তা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

সাম্প্রতিক সময়ে ধর্মতলা চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই পুলিশের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল। তবে এখন তৃণমূলের আইনি চ্যালেঞ্জের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি অনেকটাই নির্ভর করছে ১৫ জুলাই হাইকোর্টের শুনানির ওপর। সেই রায়ের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.