পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তিকে অগ্রাধিকার দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে আজ অর্থাৎ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল মুখ্যমন্ত্রী। রাজ্যের ১৫টি দফতরের সচিবদের সঙ্গে গ্রিভেন্স সেল নিয়ে বিশেষ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দফতরগুলি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সময় যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলির নিষ্পত্তি কতটা দ্রুত করছে সেই বিষয়ে জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, তৃণমূলের নয়া কর্মসূচি দিদির দূত প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। সরকারি প্রকল্প নাহলেও তৃণমূলের নেতা নেত্রীরা এই কর্মসূচিতে অনেক জায়গায় গিয়েছেন। তাঁদের কাছেও অনেক অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত সমস্যার কথাও শুনতে পারেন মুখ্যমন্ত্রী।
পঞ্চায়েত নির্বাচনের আগে কাজকর্মে কোনও ত্রুটি রাখতে চান না মমতা। যার দরুন এই বৈঠক ডাকা বলে মনে করছে অভিজ্ঞমহল।







