দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত বয়সের সীমানা পেরিয়ে আবারও পর্দায় মাত করেছেন। ৭০-এর গণ্ডি পার হলেও তাঁর ক্যারিশমা এখনও অটুট। লোকেশ কানাগরাজ পরিচালিত নতুন ছবি ‘কুলি: দ্য পাওয়ার হাউস’ প্রমাণ করল, রজনীকান্ত এখনও দর্শকের একমাত্র আকর্ষণ।
ছবিতে তিনি দেবা বা দেবরাজ চরিত্রে। দায়িত্বশীল, সাহসী ও নিয়মতান্ত্রিক এই চরিত্র শুরু থেকেই দর্শকের মন কাড়ে। দেবা ম্যানসন-এর বাসিন্দাদের জন্য কঠোর নিয়ম, মদ্যপান বর্জনের প্রচার, সবকিছুতেই তাঁর ব্যক্তিত্ব অনন্য। কিন্তু গল্পের মোড় ঘোরে তখনই, যখন তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজশেখরের রহস্যজনক মৃত্যু ঘটে। বন্ধু ও সহকর্মীর মৃত্যু স্বাভাবিক নয় বুঝতে পেরে দেবা সত্যের সন্ধানে নামেন। সেই যাত্রায় তাঁর সঙ্গে যুক্ত হয় রাজশেখরের মেয়ে প্রীতি (শ্রুতি হাসান)। চরিত্রে তিনি যথেষ্ট স্বতঃস্ফূর্ত। রাজশেখরের আবিষ্কার, মানুষ ধ্বংসের শক্তিশালী মেশিন। পোর্ট এলাকার দুষ্কৃতীদের হাতে চলে যাওয়াই আসল সংঘাতের কেন্দ্র। আর এখানেই গল্পের জট খুলতে থাকে।
ছবিতে আরেক বড়ো চমক নাগার্জুনা। সাইমন চরিত্রে তাঁর অভিনয় প্রতিপক্ষকে ঘিরে তৈরি করেছে প্রবল উত্তেজনা। দেবা ও সাইমনের মুখোমুখি লড়াই দর্শকদের আসনের ধারে বসিয়ে রাখে। ছবির শেষের দিকে হাজির হন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ক্যামিও চরিত্রে তিনি যথাসাধ্য চেষ্টা করলেও রজনীকান্ত-নাগার্জুনার তীব্র উপস্থিতিতে তা কিছুটা ম্লান হয়ে যায়। অ্যাকশন, রহস্য, আবেগ ও চমকপ্রদ টুইস্টে ভরপুর এই ২ ঘণ্টা ৪৯ মিনিটের সিনেমা শেষ অবধি দর্শককে বেঁধে রাখে। গান, আবহসংগীত ও রজনীকান্তের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স মিলিয়ে ‘কুলি: দ্য পাওয়ার হাউস’ নিঃসন্দেহে এক পূর্ণাঙ্গ বিনোদনমূলক ছবি।
রেটিং – ২.৫/৫







