নিজস্ব সংবাদদাতা: কথায় আছে ধর্ম হোক যার যার কিন্তু ঈশ্বর হোক সবার। ধর্ম ও বিশ্বাস ভেদে মানুষের প্রার্থনার স্থান আলাদা হলেও, আমাদের দেশে এমনও কিছু মন্দির রয়েছে, যেখানে একইসঙ্গে প্রার্থনা করেন হিন্দু-মুসলিম সকলেই।হিন্দু- মুসলিম সম্প্রীতির বহন করে দক্ষিণের এই হনুমান মন্দির।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কর্ণাটকের গাদাগ জেলার লক্ষ্মেশ্বর হনুমান মন্দিরে ধরা পড়ে এমনই এক ছবি। মন্দিরের প্রধান আরাধ্য হনুমান। বিগ্রহের আরতি করা থেকে যাবতীয় কাজ সবই মুসলিমরা করেন। হিন্দুরাও এতে কোনও আপত্তি তোলেন না। বরং খুশিমনে তাঁরাও হনুমান পুজোয় সামিল হন। আর এটা হয়ে আসছে প্রায় ১৫০ বছর ধরে। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের দাবি, ওই অঞ্চলের হিন্দু-মুসলিমরা একসাথে মিলেমিশে থাকেন। তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরেও দুই সম্প্রদায়ের মানুষের অবাধ বিচরণ চোখে পড়ে। তবে পুজোর দায়িত্ব কেন মুসলিমদের হাতেই , এর পেছনে রয়েছে এক কাহিনি।
শোনা যায়, একসময় ওই অঞ্চলে এতবড় হনুমান মন্দির ছিল না। গ্রামের প্রান্তে ছোট একটি মন্দিরে পূজিত হতেন পবননন্দন। সেইসময়ও হিন্দু মুসলিম সকলেই যাতে মন্দিরে পুজো দিতে পারেন সেই ব্যবস্থা ছিল। মূলত দুই সম্প্রদায়ের সম্প্রীতির কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল এই মন্দির। কিন্তু হঠাত্ করেই ওই গ্রামে মড়ক লাগায় যখন সকলেই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে থাকে ঠিক সেইসময় পাশের গ্রাম থেকে কিছু মুসলিম পরিবার আসে। এবং নিজেদের ধর্মীয় বিশ্বাস সরিয়ে রেখে, নিষ্ঠাভরে হনুমানের পুজো করতে থাকেন তাঁরা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রামে ফিরে আসেন পুরনো বাসিন্দারা। তখন আবারও মন্দিরের দায়িত্ব হিন্দুদের হাতেই তুলে দিতে চান ওই মুসলিম পরিবারগুলি। কিন্তু তেমনটা হয়নি।তখন গ্রামের সকলে মিলে ঠিক করেন, মন্দিরে পুজোর দায়িত্ব ওই মুসলিম পরিবারের হাতেই থাকুক।সেই থেকেই এই মন্দিরে পুজোর দায়িত্ব সামলে আসছেন মুসলিমরা।
বর্তমানে এই ব্যবস্থার কোনও বদল হয়নি। হিন্দুরীতি মেনেই হনুমানের পূজো হলেও কাজগুলো করেন মুসলিমরা। প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে। সেক্ষেত্রেও কোনও ধর্মীয় বেড়াজাল নেই। যে কোনও সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। দেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মন্দিরের কাহিনি সকলকে অবাক করলেও এমনটাই করে দেখিয়েছে কর্ণাটকের এই মন্দির।







