জেলা

জাল সার্টিফিকেট বিতর্কে ছয়ঘড়িয়ার পঞ্চায়েত প্রধানের ইস্তফা, তোলপাড় বনগাঁয়

জাল সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রধানের পদ দখলের অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার বনগাঁ। ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান উমা ঘোষ শেষমেশ ইস্তফা দিলেন নিজের পদ থেকে। কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের পরপরই এই সিদ্ধান্তে আসায় জল্পনা আরও জোরালো হয়েছে।

জানা গিয়েছে, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটি’র পক্ষ থেকে হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়েছিল যে, উমা ঘোষ একটি ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার করেছেন। মামলার পর দ্রুততার সঙ্গে পদত্যাগ পত্র জমা দেন তিনি। যদিও উমা ঘোষ জানিয়েছেন, শারীরিক অসুস্থতাই ইস্তফার মূল কারণ। তাঁর কথায়, “আমি অনেক দিন ধরেই অসুস্থ। দলকে জানিয়েছিলাম, কিন্তু ওরা আমায় ছাড়তে চায়নি। শেষমেশ মিটিং ডেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই।”

তিনি আরও জানান, ৫ মে বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দেন, যা ২০ মে গ্রহণ করা হয়। কোর্টের বিষয়ে মুখ খুলতে নারাজ উমা, জানিয়েছেন, “এটা আদালতের বিষয়, কিছু বলতে পারব না।”

এই প্রসঙ্গে মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “আমরা ওঁর বিরুদ্ধে জাল সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ এনেছিলাম। উনি কেন ইস্তফা দিলেন, তা এখনও পরিষ্কার নয়। দ্রুত বিস্তারিত জানা যাবে।”

এই ঘটনায় বনগাঁয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আরও আইনি পদক্ষেপ হতে পারে বলে ইঙ্গিত বিশেষজ্ঞদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.