উত্সবের মরসুমে আতঙ্ক সৃষ্টি করেছে করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশের তিনটি রাজ্যে মিলেছে আক্রান্তের হদিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সাব-ভেরিয়েন্ট জেএন.১-এর নতুন ২১টি কেসের মধ্যে ১৯টি গোয়ায় রিপোর্ট করা হয়েছে। পাশাপাশি কেরল এবং মহারাষ্ট্রে একটি করে কেস রিপোর্ট করা হয়েছে।
এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য ভি কে পল বলেছেন যে আতঙ্কিত হওয়ার দরকার নেই। পল বলেন, করোনায় আক্রান্ত প্রায় ৯১ থেকে ৯২ শতাংশ মানুষ ঘরে বসেই চিকিত্সা সুস্থ হয়ে উঠছেন। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সুধাংশ পান্ত জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও ৯২.৮ শতাংশ ক্ষেত্রে বাড়িতে চিকিত্সা করা হচ্ছে। এছাড়াও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা ভাইরাসের জেএন.১-নিয়ে খুব বেশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
করোনার ক্রমবর্ধমান সংখ্যা বাড়তে থাকায় বুধবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৈঠকের পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যে কোনও ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, নতুন করে দেশে করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ৬১৪ জন। এর সঙ্গে অ্যাকটিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩১১।







