মোহনবাগানে শেষ হল হোসে মোলিনা যুগ। বুধবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদচ্যুত করা হয়েছে স্প্যানিশ কোচকে। মাসখানেক আগেই তাঁর কোচিংয়ে আইএফএ শিল্ড জিতেছিল সবুজ-মেরুন শিবির। সেই সঙ্গেই রয়েছে আইএসএল কাপ এবং আইএসএল শিল্ডের সাফল্যও। তবু আইএসএল-এর অনিশ্চয়তার আবহ ও চলমান আলোচনার মাঝেই হঠাৎই কোচ বদলের সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট।
ক্লাবের তরফে বিবৃতিতে বলা হয়েছে— “হোসে মোলিনার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়েছে পারস্পরিক সম্মতিতে। তাঁর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।” মোলিনাকে বিদায় জানানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই নতুন কোচ হিসেবে ঘোষিত হন স্প্যানিশ tactician সার্জিও লোবেরা। ঠিক একই বিকেলে ওড়িশা এফসি-ও ঘোষণা করে, লোবেরার সঙ্গে তাদের সম্পর্ক শেষ হয়েছে উভয় পক্ষের সম্মতিতে।
২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসির দায়িত্ব নেন লোবেরা। তাঁর অধীনে দল পৌঁছে ছিল ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে— যদিও শেষ লড়াইয়ে হারতে হয় ইস্টবেঙ্গলের কাছে। গত মরশুমে আইএসএলে চতুর্থ স্থানে শেষ করলেও তার পরের বছর সাত নম্বর স্থানে নেমে আসে দল।
নতুন দায়িত্ব পেয়ে লোবেরা বলেন, “মোহনবাগানের ডাগআউটে দাঁড়ানো আমার কাছে গৌরবের। এটি ইতিহাস, আবেগ ও উচ্চাকাঙ্ক্ষায় ভরা একটি প্রতিষ্ঠান। এমন একটি দল গড়ে তুলতে চাই যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় ও জয়ের মানসিকতা নিয়ে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আমরা প্রতিদিন কাজ করব সেই লক্ষ্য পূরণে।”
আইএসএল-এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর কয়েকদিন অনুশীলন স্থগিত রয়েছে মোহনবাগানেরও। এর মাঝেই কোচ বদলের সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মোড়— নতুন কোচের হাত ধরেই কি আবার জয়ের রঙে রাঙবে সবুজ-মেরুন? নজর এখন ক্লাবের পরবর্তী পরিকল্পনায়।







