ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত। একসময় এই ছবির একটি চরিত্রের প্রস্তাব তাঁর কাছে এসেছিল, তবে শেষমেশ সেই চরিত্রটি ছবিতে রাখা হয়নি। যীশু নিজেই জানালেন, তিনি যে চরিত্রে অভিনয় করার কথা ভাবছিলেন, সেটি ছবিতে বাদ পড়েছে। জীতু কমল যে ভূমিকায় অভিনয় করেছেন, তা যীশুর জন্য ছিল না বলেই স্পষ্ট করেন অভিনেতা।
যীশু বলেন,”জীতু খুব ভালো কাজ করেছে। জীতু যেভাবে বেছে-বেছে ছবি করছে, যে ডেডিকেশন নিয়ে ছবি করছে, আমাদের প্রবলেম হয়ে গিয়েছে। আমাদের এবার ভেবে কাজ করতে হবে! এটা আমি মজা করে বললেও, জীতু মধ্যে কাজের প্রতি ডেডিকেশন নিয়ে যে কথাটা বললাম, সেটা ভীষণই সিরিয়াসভাবে বললাম। জীতুর মধ্যে একজন নায়ক হওয়ার ক্ষমতা আছে। ও বহুদূর যাবে বলে আমি মনে করি। বাংলা ছবিতে একজন নায়ক বাড়লে, বাংলা ছবির পরিধি বড়ো হবে। তাতে আমরা সকলে মিলেই একসঙ্গে গ্রো করতে পারব।”
ছবিটি উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষকে, যাঁর সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন যীশু। নায়ক বলেন,”আমি বিশ্বাস করি, ঋতুদা এখনও কোথাও আছেন, আমাদের দেখছেন।” শুধু জীতু নয়, ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ও মন ছুঁয়েছে যীশুর। তিনি স্পষ্ট জানান, শুভশ্রীও অত্যন্ত পরিণত এবং হৃদয়গ্রাহী অভিনয় করেছেন। বর্তমানে যীশু রয়েছেন শহরে এবং ব্যস্ত রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ে।







