সন্ত্রাসী হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক সেনার মৃত্যু। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার ট্রাকে।
সূত্রের খবর, কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনার গাড়ি যখন যাচ্ছিল ঠিক তখনই সন্ত্রাসবাদীরা গুলি চালায়। গতকাল রাত থেকে সেনা এই অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল আর সেই অভিযান এখনো চলছে। এই হামলার দায় নিয়েছে লস্কর ই তইবার শাখা সংগঠন দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)। গুলির লড়াই অব্যাহত আছে।
জঙ্গি হামলার পরেই ঘটনাস্থলে পৌঁছন পুঞ্চের এসএসপি বিনয় শর্মা-সহ জম্মু-কাশ্মীর পুলিশের আধিকারিক এবং সেনা আধিকারিকেরা। এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে রাস্তায় রক্ত এবং সেনা জওয়ানদের ভাঙা হেলমেট পড়ে রয়েছে, ভেঙে গিয়েছে সেনার গাড়ির কাচও।
সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত এবং চারজন আহত হয়েছেন। সেই ৪ জনের মধ্যে আজ আরও এক জন শহীদ হয়েছেন বলে খবর। জঙ্গিদের সাথে গুলির লড়াই এখন চলছে।







