আজ সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জোরকদমে চলতি লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণপর্ব। এই পর্বে বাংলায় যে ৯টি আসনে চলছে ভোট গ্রহণ, তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্রগুলির তালিকার মধ্যে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী হিসেবের লড়ছেন সৃজন ভট্টাচার্য। এবং আজ নির্বাচনের দিনই প্রার্থীকে ঘিরে বাঁধলো তুমুল বিক্ষোভ ও তীব্র উত্তেজনা। তবে পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।
সিপিএম প্রার্থী সৃজনের অভিযোগ ছিল বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত হয়েছিল প্রচুর মানুষ। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে।এই উত্তেজনা তৈরি হয় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩,১৫৪,১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে।







