উত্তর দমদমে খুন হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক গুলির চিহ্ন মিলেছে। অতীতে একাধিক অপরাধমূলক মামলায় তাঁর নাম জড়িয়েছিল এবং পুলিশের নথিতে তিনি পরিচিত দাগি অপরাধী হিসেবে চিহ্নিত ছিলেন।
কী পরিস্থিতিতে এই খুনের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভার খলিসাকোটা এলাকায় একটি গ্যারাজের সামনে রাজা দত্তের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। বিরাটির বাসিন্দা রাজা দত্তের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে রাজাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা গ্যাংওয়ার থাকতে পারে। জানা গিয়েছে, ভোরের দিকে বাইকে করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি হন রাজা। এরপরই সংঘর্ষের জেরে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। হামলাকারীরা কোন পথে পালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, খলিসাকোটার ওই এলাকায় আগে থেকেই ওঁত পেতে ছিল দুষ্কৃতীরা এবং তারা রাজার পরিচিত ছিল। রাজা দুই সঙ্গীকে নিয়ে সেখানে পৌঁছনোর পর তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় বলে সন্দেহ পুলিশের।
গুলি চলার খবর পেয়ে দমদম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাজা দত্ত। পুরনো শত্রুতার জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) শামীর আহমেদ।
এদিকে স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ চৌধুরীর দাবি, এলাকায় আগে একটি তৃণমূল পার্টি অফিস ছিল, যেখানে কিছু দুষ্কৃতীর আনাগোনা ছিল। তাঁর অভিযোগ, রবিবার রাতে ওই অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি। তাঁর আরও দাবি, যে এলাকায় প্রতিবছর বড় সরস্বতী পুজো হয়, সেখানেই রাজা দত্তকে খুন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় জমি দখল, মারধর ও ভাঙচুরের মতো অপরাধমূলক কাজ চলছিল বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি ১৯ নম্বর ওয়ার্ডকে দুষ্কৃতীমুক্ত করার দাবিও জানান।







