কৌস্তভ-কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। বাম-কংগ্রেস নেতাদের যাতায়াত লেগেই আছে কৌস্তভের বাড়িতে। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, শোভাবাজারের অভিযোগকারী যুবকের বিরুদ্ধে মানহানির মামলা-সহ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার ‘গলদ’ নিয়ে শাসক দল তথা মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে চান তিনি। কৌস্তভ-উবাচ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাকে ভয় পাচ্ছেন। তাই মাঝরাতে পুলিশ পাঠিয়ে আমাকে ও আমার পরিবারের লোককে হেনস্থা করছেন। এর ফল তৃণমূল প্রতিটি ইঞ্চিতে টের পাবে, দু’তিনটে দিন সবুর করুন। দীপক ঘোষের বইটির কথা বলেছিলাম বলে গ্রেফতার করা হল। রাজ্যের প্রতিটি ঘরে ওই বই পৌঁছে যাবে। বাচ্চা, বড়ো সকলের মুখস্থ হয়ে যাবে। সেই কাজটাই এ বার করব।’
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গত শনিবার কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়, মধ্যরাতে বাড়িতে হানা দেয় পুলিস। তবে বিকেলের মধ্যে তিনি জামিন পেয়ে যান। পরবর্তীতে মাথা মুড়িয়ে ঘোষণা করেন, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে পারছেন, ততদিন মাথায় চুল রাখবেন না।
কংগ্রেসের সঙ্গে কৌস্তভের সম্পর্ক অনেকদিনের। কলেজ জীবন থেকেই কৌস্তভ আকৃষ্ট হন কংগ্রেসের মতাদর্শের প্রতি। সেইসময় থেকেই কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদের যোগদান। তারপর সক্রিয়ভাবে তাদের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। এছাড়াও এখন তো তৃণমূল-বিরোধিতায় প্রদেশ কংগ্রেসের সেরা মুখই বলা যেতে পারে তাঁকে।






