গত বছরে জুন মাসে ঘটেছিল করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনা। আর তারপরেই এই বছর জুন মাসেই দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে বলে রাখি দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তার জেরে ৫ জনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং আহত ২৫ থেকে ৩০ জন বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজ শুরু করেন প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষ। ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে ১৫ টি অ্যাম্বুলেন্স। পাশাপাশি শিয়ালদাহ স্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন সেখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পর্যটকদের আত্মীয়রা।
অপরদিকে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলাকারী দলও। রেলের আধিকারিকদের সঙ্গে পুলিশ সুপার, জেলাশাসক, টিকিৎসকদের দল, অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বলে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং জরুরি পদক্ষেপের পর এবার সেখানে তড়িঘড়ি পৌঁছে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনাস্থলে গিয়ে নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে অশ্বিনী বৈষ্ণব যাবেন বলে জানা যাচ্ছে।







