ছেলেকে দোকান খুলতে বলায় মাকে রড দিয়ে থেঁতলে খুন করল ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার লক্ষীকান্তপুর এলাকায়। মৃত মহিলা মল্লিকা মন্ডল (৪৫)। ঘটনায় ধৃত অভিযুক্ত ছেলে সুমন মন্ডল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীকান্তপুর এলাকার বাসীন্দা মল্লিকা মন্ডলের একটি চায়ের দোকান রয়েছে। মা ও ছেলে মিলে চায়ের দোকানটি চালাত। সোমবার সন্ধ্যায় ছেলে সুমন মন্ডল কে চায়ের দোকান খুলতে বলেন মা মল্লিকা মণ্ডল। আর এ নিয়েই মা ও ছেলের মধ্যে শুরু হয় বচসা। ঘটনার জেরে রড দিয়ে মাকে এলোপাথাড়ি আঘাত করে সুমন মন্ডল। এলোপাথাড়ি আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় মল্লিকা মন্ডলের। পরে মন্দির বাজার থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। অবশ্য পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন সুমন মন্ডল তার চিকিৎসা চলছে। অন্যদিকে ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।







