মালবাজারে প্রতিমা নিরঞ্জনের সময়ে হড়পা বানে দুর্ঘটনার পরবর্তীতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে আম জনতার মধ্যে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮, উদ্ধারকার্য অব্যাহত। অন্যদিকে, এই ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইল নবান্ন। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। ২ দিনের মধ্যে গোটা ঘটনার রিপোর্ট দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে, এমনটাই সূত্রের খবর।
গতকাল বিজয়া দশমীর রীতি সমাপ্ত হলেও প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া এখনও বহু জায়গাতেই বাকি রয়েছে। জেলাগুলিতে আরও দু’দিন চলবে নিরঞ্জন। আর যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার। প্রয়োজনে জেলাশাসকদের ঘাটগুলি পরিদর্শনের নির্দেশ সরকারের।উল্লেখ্য, এত বড় দুর্ঘটনায় প্রশাসনিক স্তরে কোনও গাফিলতি ছিল কিনা, সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নদীর ঘাটে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে তারও। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন, এমনটাই নবান্ন সূত্রের খবর।







