আবহাওয়া

অন্ধ্রের উপকূলে ফের ঘূর্ণিঝড়ের হানা, অর্ণবের পর শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মুরাসু

অন্ধ্রপ্রদেশে ফের দুর্যোগের আশঙ্কা। অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ৪টের মধ্যে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। প্রাথমিক অনুমান, নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী কোনও এলাকায় হতে পারে মুরাসুর ল্যান্ডফল। স্থলভাগে আছড়ে পড়ার আগে ঝড়টি আরও শক্তিশালী হয়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে ওড়িশা, তামিলনাড়ু এবং চেন্নাই উপকূলেও প্রবল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

গত ২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় অর্ণব। সেই দুর্যোগের মাত্র পাঁচ দিন পরই নতুন করে ঘূর্ণিঝড়ের হানা। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন। উদ্ধার ও ত্রাণকাজের জন্য তামিলনাড়ু থেকে এনডিআরএফের ৪ নম্বর ব্যাটেলিয়ানের তিনটি দল ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের তরফেও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো হয়েছে। দমকল ও উদ্ধারকাজের প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নেতৃত্বে একাধিক বৈঠক চলছে।

আইএমডি জানিয়েছে, পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলেছে মুরাসু। সোমবার দুপুর থেকেই অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ১১টি বিমান বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনমে ইন্ডিগোর বিমান পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয়ওয়াড়া থেকেও মুরাসুর কারণে ১০টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে চেন্নাই ও তিরুভাল্লুরে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন।

মুরাসুর প্রভাব পড়তে পারে ওড়িশা উপকূলেও। সেখানে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে ঘূর্ণিঝড় মুরাসুর বড় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.