বিশ্ব

হরমুজের উত্তাপ ছড়াল কুয়েতে! বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, পাল্টা আঘাতে আমেরিকা

মধ্যপ্রাচ্যে ফের চরম উত্তেজনা। কুয়েতের আল-সুবিয়া বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের জল বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার পর ওই এলাকায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে কেন্দ্রটি থেকে ঘন কালো ধোঁয়া ও বিশাল আগুনের শিখা উঠতে দেখা গিয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রবিবার ভোর থেকে দেশের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন শনাক্ত করে সেগুলিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আবদুলআজিজ আল-ওতাইবির দাবি, দেশের গুরুত্বপূর্ণ অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বিদ্যুৎ, জল এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের আওতাধীন একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও সামনে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, টানা নবম রাতের মতো ইরানের সামরিক পরিকাঠামোর উপর হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও অসামরিক নাবিকদের উপর হামলায় ব্যবহৃত সামরিক সক্ষমতা ধ্বংস করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই অভিযানের কথা স্বীকার করে বলেন, সাম্প্রতিক সংঘাতে নিহত মার্কিন সেনাদের স্মৃতির উদ্দেশেই ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রয়োজনে আরও কঠোর অভিযান চালানো হবে।

উল্লেখ্য, এর আগেও শুক্রবার ও শনিবার কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের জল বিশুদ্ধকরণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলার খবর প্রকাশ্যে এসেছিল। কুয়েতের পানীয় জলের বড় অংশই ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল। ফলে এই ধরনের হামলা দেশের জ্বালানি ও জল সরবরাহ ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জুন মাসে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখন সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। একের পর এক পাল্টা হামলায় গোটা মধ্যপ্রাচ্য ফের অস্থির হয়ে উঠেছে। জ্বালানি, জল ও পরিবহণ পরিকাঠামোকে কেন্দ্র করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.