রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর এবার মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে তৎপরতা বাড়ল। সেই লক্ষ্যেই ফের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যাতেই তাঁর রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই এটি তাঁর দ্বিতীয় দিল্লি সফর হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক। নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন এবং কোন দফতরের দায়িত্ব কাদের হাতে যাবে, তা নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যেরও দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে কেন্দ্রীয় অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলেই দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে।
দিল্লি যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী নদীয়ার মায়াপুরে ইসকনের বিশ্ব সদর দপ্তরে যান। সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সাধু-সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মায়াপুর সফর শেষে কলকাতায় ফিরে সেখান থেকেই সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে ইঙ্গিত, সব কিছু পরিকল্পনা মতো এগোলে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হতে পারে। নতুন মুখ ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে মন্ত্রিসভা সাজানোর দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব।







