আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ রজু করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চার তলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। সরগরম গোটা বাংলা। খুন এবং ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে শামিল হন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা। পরে সেই আন্দোলনে যোগ দেন অন্যান্য চিকিৎসকেরা। তবে সেই আন্দোলন শুধুমাত্র আরজি করের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই ঘটনায় দোষী বা দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন ছড়িয়ে প়ড়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। এমনকি, দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরাও বিক্ষোভ কর্মসূচি দেখান।কর্মবিরতির ডাক দেন।
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্যের ভিত্তি থেকে স্পষ্ট যে, যুবতীকে নৃশংস ভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তার প্রমাণ মেলেনি। শনিবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে হাজির করানো হলে, বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, আরজি কর মামলা নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে।
প্রসঙ্গত, জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছিল হাই কোর্টে। তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো। আবেদনকারীদের বক্তব্য, সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক। যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না। এছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত, অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তাঁরা চান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও জানানো হয়েছে। মামলাকারীদের বক্তব্য, হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে, তা নিশ্চিত করা হোক।







