কলকাতারাজনীতি

বাঙুরে খারাপ রাস্তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, কলাগাছ পুঁতে বিক্ষোভ বিজেপির

লেকটাউন ও বাঙুর এলাকার জরাজীর্ণ রাস্তা নিয়ে সরব হলো বিজেপি। তবে শুধু স্লোগানে নয়—এইবার প্রতিবাদের ভাষাও ছিল ব্যতিক্রমী। রবিবার সকালে বাঙুর সংলগ্ন ভিআইপি রোডের সার্ভিস রোডে কলা গাছ পুঁতে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা।

বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাঙুর ও লেকটাউন সংলগ্ন একাধিক রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কোনও উদ্যোগ নেননি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

এদিন সকালে রাস্তার উপর কলাগাছ পুঁতে ‘প্রতীকী’ প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। রাস্তাঘাটের অব্যবস্থার জন্য সরাসরি রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তোলেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে তৎপর হয় লেকটাউন থানার পুলিশ। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশকর্মীদের। তবে শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অথচ রাস্তার হাল এমন যে মনে হয় ধানচাষ করা যাবে। তাই আজ আমরা কলাগাছ পুঁতে সরকারের দিকে বার্তা দিলাম—এবার গাছ নয়, রাস্তা সারান।”

এই অভিনব প্রতিবাদের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.