নবাব বানো’র জীবন কোনোভাবেই চলচ্চিত্রের চিত্রনাট্যের থেকে কম নয়। মা ছিলেন যৌনকর্মী আর বাবা সেনাবাহিনীতে কর্মরত। তাঁদের আদরের কন্যা সন্তানকে নিয়ে ছিল অনেক স্বপ্ন, তারা চেয়েছিলেন বড়ো হয়ে মেয়ে যেন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী হোক। যেমন ভাবা তেমন কাজ, ১৯৩০ সালে বন্ধু পরিচালক মেহবুব খানের সাথে মেয়ের পরিচয় করান নবাব বানো’র মা। রাজ কাপুরের আন্দাজ ছবির শ্যুটিং ফ্লোরে ডেকে পাঠানো হয় নবাব বানো-কে। সেখানে তাঁকে দেখেই পছন্দ হয়ে যায় রাজের। তাই ‘বরসাত’ ছবিতে অভিনয়ের জন্য নবাব বানো-কে সই করিয়ে নেন রাজ কাপুর। সেখান থেকেই শুরু অভিনয়ের পথ চলা।
অভিনয় জগতে পা রেখেই নাম বদল ঘটল অভিনেত্রীর। নবাব বানো থেকে হলেন নিম্মি। প্রথম ছবিতেই প্রেমনাথের বিপরীতে বাজিমাত করেন নিম্মি। তারপর একের পর এক হিট। রাতারাতি বলিউড স্টার হয়ে গেলেন অভিনেত্রী। রাজ কাপুরের প্রিয় অভিনেত্রী ছিলেন নিম্মি। কানাঘুষো শোনা যায়, নার্গিসের আগে নিম্মির প্রেমেই মজেছিলেন রাজ কাপুর। কিন্তু শুধু রাজ কাপুর নন, দিলীপ কুমারের সঙ্গেও সুপারহিট জুটির আখ্যা পেয়েছিলেন নিম্মি। বলিউডে প্রায় ৫০ টি ছবিতে নিজের জাদু দেখিয়েছেন অভিনেত্রী। অন্যান্য নায়িকার থেকে বেশি পারিশ্রমিকও পেতেন তিনি।
সাফল্য সমৃদ্ধ জীবন থাকার পরেও একটা বড়ো ভুল করে বসেন নিম্মি। ১৯৬৩ সালে রাজেন্দ্র কুমারের বিপরীতে ‘মেরে মেহবুব’ ছবিতে অফার পেয়েও সেটা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। মুখ্য ভূমিকায় অভিনয় না করে হিরোর বোনের চরিত্রে অভিনয় করেন নিম্মি। সেটাই হয়ে যায় জীবনের বড়ো ভুল। নিম্মির জায়গায় অভিনয় করে সুপাস্টার হন সাধনা, সেই চর্চার অতলে তলিয়ে যায় নিম্মি। আর কখনও হিরোইন হিসেবে ফিরে আসা হয়নি অভিনেত্রীর। পার্শ্ব চরিত্রেই থেকে যেতে হয়েছিল তাঁকে। এরপর জনপ্রিয় লেখক আলী রাজাকে বিয়ে করে ধীরে ধীরে অভিনয় জগত থেকে সরে যান নিম্মি। ২০২০ সালে ২৫ মার্চ ৮৮ বছর বয়সে মারা যান এককালের এই জনপ্রিয় অভিনেত্রী।







