বিদেশ

১৭ মিনিট নিথর দেহ, ফের জীবনে ফিরে এলেন ভিক্টোরিয়া

গ্লস্টার, ইংল্যান্ড: জিমে শরীরচর্চা করতে গিয়েছিলেন, হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। টানা ১৭ মিনিট হৃদস্পন্দন ছিল না তাঁর। তবুও অলৌকিকভাবে ফিরে এলেন জীবনে। আজ তিনি শুধুই বেঁচে নেই—সুস্থ, সচল এবং আগামী মাসে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। বলছি, ইংল্যান্ডের গ্লস্টারের বাসিন্দা ৪১ বছরের ভিক্টোরিয়া টমাসের কথা।

এই গল্প যেন সিনেমার থেকেও রোমাঞ্চকর। বয়স তখন ৩৫। জিমে ওয়েট লিফটিং চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ করেন ভিক্টোরিয়া। মনে হচ্ছিল শরীর থেকে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। মাটিতে লুটিয়ে পড়েন। তা-ই ছিল হৃদরোগের প্রথম আক্রমণ। CPR-এ প্রাণ ফেরানোর মরিয়া চেষ্টা চললেও নিথর দেহ ফিরছিল না—১৭ মিনিট। তারপর এক মুহূর্তে যেন ঘুম ভাঙে, ফিরে আসেন তিনি।

Mirror-কে দেওয়া সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেন, ‘‘চারপাশ ছিল সম্পূর্ণ অন্ধকার। আমি যেন ছাদের কাছে ভেসে ছিলাম, নিচে পড়ে থাকা নিজের দেহকেই দেখছিলাম। কোনও আলো, কোনও স্বর্গের অনুভূতি নয়। শুধু নিজের শরীরটাই দেখছিলাম নীচে পড়ে থাকতে।’’

সেই ঘটনার পর ব্রিটিশ রয়্যাল ইনফার্মারিতে ভর্তি হন তিনি। একাধিকবার হৃদস্পন্দন বন্ধ হয়, CPR-এ ফিরিয়ে আনা হয় তাঁকে। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টায় বেঁচে যান। তিন সপ্তাহ পর আবার খেলাধুলো শুরু করেন।

এরপর আরও বড় ধাক্কা—জানানো হয়, ভিক্টোরিয়া আক্রান্ত Danon রোগে, যা একেবারেই বিরল, জিনঘটিত। গোটা বিশ্বে যার শিকার দশ লক্ষেরও কম মানুষ। এই রোগে হৃদযন্ত্রে ক্রমশ জমতে থাকে কোষীয় বর্জ্য পদার্থ, ফলে হার্ট ক্রমশ অকেজো হয়ে পড়ে।

তবুও থেমে থাকেননি ভিক্টোরিয়া। ২০২১ সালে অন্তঃসত্ত্বা হন তিনি। চিকিৎসকরা সতর্ক করলেও তিনি সময় চান। ৩০ সপ্তাহে সন্তানের জন্ম দেন। ছেলে টমি সম্পূর্ণ সুস্থ। কিন্তু সন্তান জন্মের ঠিক ছ’মাস পর আবার হৃদরোগ। ২০২২-এ চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর হার্ট মাত্র ১১% কাজ করছে। প্রয়োজন জরুরি হৃদযন্ত্র প্রতিস্থাপনের।

প্রথম দু’টি ডোনার হার্ট তাঁর দেহে উপযুক্ত ছিল না। অবশেষে ২০২৩ সালের এপ্রিল মাসে মেলে সঠিক হৃদযন্ত্র। বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে সফল ট্রান্সপ্লান্ট হয়। চিকিৎসকদের কাছে এ এক মিরাকল।

এখন আবার সক্রিয় জীবন যাপন করছেন ভিক্টোরিয়া। নিয়মিত শরীরচর্চা করেন। এমনকি আগামী মাসে জার্মানিতে আয়োজিত World Transplant Games-এ অংশ নিচ্ছেন ভলিবল ও বাস্কেটবলে।

ভিক্টোরিয়ার কথায়, “আমি এখন শুধু নিজের জন্য বাঁচি না, ছেলের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে লড়াই করি। দ্বিতীয় জীবনটা আমি একদম পূর্ণ করে বাঁচতে চাই।”

একবিংশ শতকের অন্যতম অনুপ্রেরণাদায়ী গল্প হয়ে থাকবেন তিনি। চিকিৎসা, ইচ্ছাশক্তি আর মাতৃত্ব—এই ত্র্যহস্পর্শে গড়ে ওঠা এক জীবন্ত ম্যাজিক, ভিক্টোরিয়া টমাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.