জেলা

ভর সন্ধেতে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ঘেরাও লালগোলা থানা

রাজনৈতিক বিবাদে জেরে রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম। তার বাড়ি শীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সাথে বাম সমর্থক তার পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। সেই ঘটনার জেরে এবছর ১৯ জুন এবং ২৪ জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন হাজিকুল।

সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। তারপরই আজ তার উপর প্রাণঘাতী হামলা হয়। মৃতের স্ত্রী মাহবুবা বিবি অভিযোগ করেন, “পারিবারিক বিবাদের জেরে আমার দেওর খায়ের শেখ, সাবিরুল শেখ এবং তাদের ছেলেরা এই খুন করেছে। আমি সকলের কঠোর শাস্তি দাবি করছি। ”

তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা। গ্রাম থেকে পুলিশকে দেহ সরাতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে দেহটি উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায়। এরপরই কয়েক’শ তৃণমূল কর্মী-সমর্থক লালগোলা থানাতে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সূত্রে জানা গেছে -এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.