রাজ্য

‘নবান্ন অভিযান’ ঘিরে কড়া সতর্কীকরণ, সাধারণ মানুষকে দূরে থাকার বার্তা পুলিশের

নবান্ন অভিযানের নামে অশান্তি হতে পারে। চেষ্টা হতে পারে শহর থমকানোর। এমনই অভিযোগ কলকাতার গোয়েন্দাদের। এই রিপোর্টের ভিত্তিতেই এবার কড়া ব‌্যবস্থা লালবাজারের। মঙ্গলবার শহরে যাতে কোনও গোলমাল না হয়, তার দরুন রাস্তায় নামছে অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ। সাতটি জায়গায় থাকছে ব‌্যারিকেড।

এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মার উবাচ, ‘বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি ২৭ তারিখ নবান্ন অভিযান বলে একটা কর্মসূচি রয়েছে। এই প্রসঙ্গে কোনও সংগঠন আমাদের কাছ থেকে এখনও কোনও অনুমতি নেয়নি। সুপ্রিমকোর্টের রায় আছে প্রশাসন তার আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবে। নবান্ন একটি রেস্ট্রিকটেড এরিয়া। পুলিসের কাছে আবেদন করলে পুলিস ঠিক করবে তারা অনুমতি দেবে কিনা। এটা বেআইনি। যারা এই অভিযানের ডাক দিয়েছেন, তাঁরা যদি আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা অন্য জায়গায় ব্যবস্থা করে দেব। অবশ্যই আইনগতভাবে। বিভিন্ন সোর্স থেকে যে ইনপুট আমাদের কাছে আছে, তাতে আমাদের মনে হচ্ছে ২৭ তারিখের এই অভিযানের মধ্যে দিয়ে বিশৃঙ্খলা তৈরির একটা চেষ্টা হবে। আপনারা জানেন ওইদিন একটা পরীক্ষা রয়েছে। ছাত্র ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য আমরা ব্যবস্থা করব। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তার জন্যেও আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা বেআইনি অনুষ্ঠান। আমরা সাধারণ মানুষকে বলব আপনারা এই কর্মসূচি এড়িয়ে চলুন।’ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকারের মন্তব্য, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই সংস্থার নাম এর আগে আমরা কখনও শুনিনি। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক। এদের ফেসবুক পেইজ থেকে কাদের ফলো করা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে, ছাত্র সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। কিন্তু ওই দিন অর্থাৎ ২৭ তারিখ সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষা রয়েছে।‌ তাহলে আমরা বুঝতে পারছি না ছাত্র সমাজের নাম করে ছাত্রদের পরিপন্থী এই আন্দোলনের কেন ডাক দেওয়া হল! যাঁরা ডাক দিয়েছেন তাঁদের একজন গতকাল কলকাতার একটি পাঁচতারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি আমরা আদালতের সামনে আনব। আমরা খবর পাচ্ছি কালকের এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যারা কালকের আন্দোলনে উস্কানি দিচ্ছেন, তাদের আমরা চিহ্নিতকরনের চেষ্টা করছি। কোনও প্ররোচনায়, ফাঁদে পা দেবেন না। সবাইকে অনুরোধ করব এই চক্রান্তে পা দেবেন না। দুটি সমাবেশ‌ই সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।’

উল্লেখ্য, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে এক সংগঠন। যদিও লালবাজারের কাছে খবর, অরাজনৈতিক সংগঠনকে সামনে রেখে আসলে বিজেপি এই অভিযানের নামে অশান্তি সৃষ্টি করতে পারে। ধর্মতলা, হেস্টিংস ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, টার্ফ ভিউ, নবান্নের কাছে ব‌্যারিকেড করবে পুলিস। তিনটি বলয়ে হবে ব‌্যারিকেড। গার্ডরেলের বলয় ভাঙলেও পরের বলয়েই থাকছে বাঁশের তৈরি সিজার ব‌্যারিকেড। তৃতীয় বলয়ে থাকছে ইস্পাতের গার্ড ওয়াল। তার অন‌্যদিকে থাকবে র‌্যাফের বিশেষ বাহিনী। প্রত্যেকটি ব‌্যারিকেডের দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিস কমিশনার পদপর্যাদার আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.