লর্ডস টেস্টে শ্বাসরুদ্ধকর জয় পেয়ে ভারতকে চাপে ফেলেছে ইংল্যান্ড। এরই মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করে আরও এক ধাক্কা দিল বেন স্টোকসের দল। মঙ্গলবার ঘোষিত ১৪ জনের ইংল্যান্ড দলে এসেছে দু’টি বড় পরিবর্তন—দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার লিয়াম ডসন ও চোট সারিয়ে ফেরা পেসার গাস অ্যাটকিনসন। দু’জনেই বোলিং শক্তি বাড়ানোর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর, যা ম্যাঞ্চেস্টারে ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে।
চোটের কারণে বাইরে ছিটকে গেছেন তরুণ স্পিনার শোয়েব বশির। তার বদলে ৮ বছর পর টেস্ট দলে ফিরেছেন ৩৫ বছরের ডসন। হ্যাম্পশায়ারের হয়ে দুরন্ত পারফরম্যান্স করা এই বাঁহাতি অলরাউন্ডার ব্যাট হাতেও ভরসা দিতে পারেন। চলতি কাউন্টি মরশুমে তাঁর ঝুলিতে রয়েছে ২১টি উইকেট এবং ৫৩৬ রান, যার গড় ৪৪.৬৬। ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেছিলেন চেন্নাইয়ে, যা এখনও তাঁর সেরা টেস্ট স্কোর।
অন্যদিকে, গতি ও আগ্রাসনের প্রতীক অ্যাটকিনসনের প্রত্যাবর্তন ইংল্যান্ডের নতুন বলের আক্রমণ আরও ধারালো করে তুলবে। আর্চারের সঙ্গে তাঁর জুটি ভারতীয় টপ অর্ডারের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। প্রধান নির্বাচক লুক রাইট জানিয়েছেন, “ডসন ও অ্যাটকিনসন দু’জনেই পুরোপুরি যোগ্য, এবং সম্পূর্ণ ফিট।”
২৩ জুলাই থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে সিরিজ বাঁচাতে মরিয়া ভারত। অন্যদিকে, ২-১ এগিয়ে থাকা ইংল্যান্ড ম্যাঞ্চেস্টারে নিজেদের শ্রেষ্ঠ অস্ত্রগুলো নিয়ে নামতে প্রস্তুত।







