বিনোদন

কোক স্টুডিও বাংলায় ফিরছে নতুন সুর, আসছে ‘বাজি’

কোক স্টুডিও বাংলা মানেই আলাদা মাত্রার এক সঙ্গীতযাত্রা। ২০২২ সালে সূচনা হওয়ার পর থেকেই এই প্ল্যাটফর্ম জায়গা করে নিয়েছে বাংলার শ্রোতাদের মনে। প্রথম সিজনের ‘নানা বর্ণে’ থেকে দ্বিতীয় সিজনের ‘অবাক ভালোবাসা’, প্রতিটি গানই শ্রোতাদের মুগ্ধ করেছে নতুন আবেগে। তবে প্রায় এক বছর ধরে নতুন গান না আসায় ভক্তদের মধ্যে জমে উঠেছিল হতাশা।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে আসছে নতুন গান ‘বাজি’। গত বছরের ২৫ মে প্রকাশিত হয়েছিল তৃতীয় সিজনের শেষ গান ‘অবাক ভালোবাসা’। তারপর থেকে শ্রোতারা জানতে চাইছিলেন কবে আসবে নতুন গান? অবশেষে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর অর্ণব চৌধুরীর একটি ফেসবুক পোস্ট কৌতূহল বাড়িয়েছে। সেখানে তিনি লেখেন,”যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি?” আর এই পোস্ট ঘিরেই জমে উঠেছে জল্পনা। অর্ণব গণমাধ্যমে জানিয়েছেন, নতুন কোনো সিজন নয়, তৃতীয় সিজনের অপ্রকাশিত গানগুলো এবার পর্যায়ক্রমে মুক্তি পাবে। ইতিমধ্যে ৯ থেকে ১০টি গান রেকর্ড হয়েছে, সেগুলোই প্রকাশ পাবে শিগগির। সূত্রের খবর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরীর গ্রুপের গান দিয়েই শুরু হবে এই যাত্রা। গানের শিরোনাম ‘বাজি’। ইমনও অর্ণবের পোস্ট শেয়ার করে লিখেছেন,”বাজি ধরতে রাজি।”

২০২৪ সালের এপ্রিলে তৃতীয় সিজনের যাত্রা শুরু হয়েছিল। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি গান। এই সিজনে প্রযোজক হিসেবে রয়েছেন অর্ণবের পাশাপাশি প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ প্রমুখ। আলোচনায় আছে যে, এই সিজনে প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় কণ্ঠ দিতে পারেন হাবিব ওয়াহিদসহ বেশ কিছু নতুন শিল্পী। কেবল গান নয়, কোক স্টুডিও বাংলার প্রতিটি ভিডিও বাঙালির লোকসঙ্গীত, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন। তাই ‘বাজি’ ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। এবারও কি মিলবে নতুন এক সঙ্গীত-পরীক্ষা, নাকি উঠবে ফিউশনের ঝড়? শ্রোতারা এখন সেই দিন গোনার অপেক্ষায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.