প্রেমের সম্পর্কে পরিবারের আপত্তি, তার সঙ্গে বিপুল ঋণের চাপ। এই দুই কারণকে ঘিরেই বেঙ্গালুরুতে একই পরিবারের তিন সদস্যকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের সিগেহাল্লি এলাকার ধামানিক লেআউটের সাই গ্রিন অ্যাপার্টমেন্টে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে থাকতেন সোমাসুন্দর (৫৫), তাঁর স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮), বড় মেয়ে শ্বেতা এবং ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। সম্প্রতি শ্বেতা ছাড়া পরিবারের বাকি তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তিনজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
তদন্তে উঠে এসেছে, শ্বেতার প্রেমিক কেনেথকে পরিবার মেনে নিতে রাজি ছিল না। পাশাপাশি, শ্বেতার প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হত। সেই সূত্র ধরেই তদন্তকারীদের সন্দেহের তির শ্বেতা ও কেনেথের দিকে। ঘটনার পর থেকেই দু’জনেই নিখোঁজ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার বাড়িতে একা থাকা অবস্থায় প্রথমে মুথুলক্ষ্মীর সঙ্গে শ্বেতা ও কেনেথের বচসা বাঁধে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়। এরপর বাড়িতে ফেরেন সুপ্রিয়া। অভিযোগ, তাকেও একইভাবে খুন করা হয়।
এর কিছুক্ষণ পরে বাড়ি ফেরেন সোমাসুন্দর। ঘটনার সাক্ষী যাতে কেউ না থাকে, সেই উদ্দেশ্যে তাঁর উপরও হামলা চালানো হয় বলে পুলিশের অনুমান। গুরুতর জখম অবস্থায় তিনি বাড়ি থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করলেও পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও তদন্তকারীরা জানিয়েছেন। কেআর পুরম থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শ্বেতা ও কেনেথের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হলেও তাঁর ভূমিকা সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।
তদন্তকারীদের মতে, ঘটনার নেপথ্যে পারিবারিক বিরোধ, প্রেমের সম্পর্ক এবং আর্থিক চাপ— সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।







