সরকারি ও আধা-সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টার পরিচালনার বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। সোমবার জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করে।
বেঞ্চ জানায়, নিষেধাজ্ঞা জারি হওয়ার ছয় বছর পরও বাস্তবিক পদক্ষেপের অভাব স্পষ্ট। আদালতের পর্যবেক্ষণ, শহর-শহরতলির বহু শিক্ষক এখনও কোচিং সেন্টার চালাচ্ছেন বা ব্যক্তিগত টিউশনের মাধ্যমে নিয়ম অমান্য করছেন।
মামলাকারী ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহু শিক্ষক ছাত্রছাত্রীদের উপর নিজেদের টিউশনে পড়ার চাপ সৃষ্টি করছেন। এতে অভিভাবকদের আর্থিক বোঝা বাড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন পেশাদার গৃহশিক্ষকেরা।
অ্যাসোসিয়েশনের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে জানান, বিভিন্ন জেলার অভিযুক্ত শিক্ষকদের বিস্তৃত তালিকা রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে। তবুও কোনও দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ হয়নি এখনো। বেআইনি টিউশন ও কোচিং অবিলম্বে বন্ধের দাবি ওঠে আদালতে।
শুনানির সময় প্রধান বিচারপতি সরাসরি পর্ষদের আইনজীবীর কাছে প্রশ্ন তোলেন—সরকারি নির্দেশিকা মেনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার কোন নথি কি আদালতে পেশ করা সম্ভব? উত্তরে পর্ষদের আইনজীবী জানান, এই মুহূর্তে কোনও লিখিত রিপোর্ট নেই।
এর পরই আদালতের নির্দেশ, ২০১৮ সালের গেজেট বিজ্ঞপ্তি ও পূর্ববর্তী আদালতের নির্দেশ অনুযায়ী কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে—তার পূর্ণাঙ্গ হলফনামা আকারে রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদকে।
আইনজীবী মহলের একাংশের মত, আদালতের এই কঠোর অবস্থানের পর সরকারি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ইতিমধ্যেই চাপা উদ্বেগ তৈরি হয়েছে।







